Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:৫৮ পিএম

আইসিজের রায় কূটনৈতিক প্রচেষ্টাকে শক্তিশালী করবে:শামা ওবায়েদ

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:৫৮ পিএম

আইসিজের রায় কূটনৈতিক প্রচেষ্টাকে শক্তিশালী করবে:শামা ওবায়েদ

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর বড় সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেছেন, এই রায়ের ভিত্তিতে মিয়ানমার সরকার ও রাখাইনে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানো সম্ভব হবে। এর মাধ্যমে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর পথ তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইসিজের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রায়কে ঐতিহাসিক ও ইতিবাচক বললেন প্রতিমন্ত্রী
শামা ওবায়েদ ইসলাম বলেন, দিনটি ঐতিহাসিক। গত প্রায় ১০ বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। ২০১৭ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসতে শুরু করে। তাদের পাশাপাশি বাংলাদেশের জন্যও আইসিজের এই রায় অত্যন্ত ইতিবাচক।

তিনি বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল গাম্বিয়া। এ উদ্যোগের জন্য দেশটিকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অর্থায়ন ও মানবিক সহায়তা দিয়ে আসা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রীর ভাষ্য, আইসিজের রায়ে মিয়ানমারের গণহত্যার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে যে কার্যক্রম চালানো হয়েছে, তা রায়ের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।

মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ বাড়ানোর আহ্বান
শামা ওবায়েদ বলেন, আইসিজের রায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। মিয়ানমারের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশ রোহিঙ্গা সংকটকে বিশ্বপরিমণ্ডলে গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করে আসছে। জাতিসংঘ সাধারণ পরিষদেও এ বিষয়ে উচ্চপর্যায়ের আয়োজন করা হয়েছে। আদালতের রায় এসব উদ্যোগকে আরও জোরদার করবে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আহ্বান থাকবে, আইসিজের রায়ের ভিত্তিতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা। যাতে দ্রুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করা যায়।

নতুন করে নির্যাতনের আশঙ্কায় সতর্ক বাংলাদেশ
আইসিজের রায়ের পর রাখাইনে রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন শুরু হতে পারে বলে জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদকের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ বিষয়ে সজাগ রয়েছে।

তিনি বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে। এসব ঘটনায় তাদের বিন্দুমাত্র অনুশোচনা থাকলে কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখা যেত। নতুন করে নির্যাতনের আশঙ্কা অবশ্যই রয়েছে। তবে বাংলাদেশের সীমান্তে দায়িত্ব পালনকারী বিভিন্ন সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সতর্ক রয়েছে।

বাংলাদেশ কখনোই চায় না মিয়ানমারের মাটিতে রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন-নিপীড়ন নেমে আসুক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। একই সঙ্গে আশা করে, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি আইসিজের রায়কে সম্মান জানিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে।

আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ভূমিকা জোরালো করার আশা
রোহিঙ্গা সংকট সমাধানে প্রভাবশালী দেশগুলোর ভূমিকা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের উদ্বেগ রয়েছে। তবে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সফর এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।

তিনি জানান, মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ইতিবাচক থাকতে চায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি বড় সাফল্য হলো বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির পদটি বাংলাদেশের হাতে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি।

এই অবস্থান থেকে জাতিসংঘ, নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা ও কণ্ঠ আরও জোরালো হবে বলে মনে করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ওআইসি ও আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি থাইল্যান্ডসহ সংশ্লিষ্ট দেশগুলোকে আরও জোরালোভাবে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হয়েছে আইসিজের রায়ের মাধ্যমে। সব মিলিয়ে এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে বাংলাদেশ আশাবাদী। এদিকে আইসিজের রায়ের বিস্তারিত এবং বাংলাদেশের জন্য এর তাৎপর্য তুলে ধরতে শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং করার কথা রয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!