মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞ, ধর্ষণ ও ব্যাপক যৌন সহিংসতার অভিযোগের সত্যতা পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। এসব কর্মকাণ্ডের পেছনে গণহত্যার উদ্দেশ্যও ছিল বলে রায়ে উল্লেখ করেছে আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করে। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া রায় পাঠের সময় রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার বিষয়গুলো তুলে ধরেন।
হত্যা, ধর্ষণ ও শিশুদের ওপর সহিংসতা
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা বেসামরিক মানুষের ওপর ব্যাপক সহিংসতা চালায়। অভিযানের সময় বহু মানুষকে হত্যা করা হয়। পাশাপাশি রোহিঙ্গা নারী ও মেয়েদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। এমনকি শিশুরাও চরম সহিংসতার শিকার হয়।
প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার সময়ও অনেক রোহিঙ্গাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। এসব কর্মকাণ্ডের মধ্যে গণহত্যার উদ্দেশ্য ছিল বলেও উল্লেখ করা হয়েছে রায়ে।
২০১৭ সালের অভিযানে বাংলাদেশে পালিয়ে আসে লাখো রোহিঙ্গা
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান শুরু হয়। ওই অভিযানের পর প্রাণ বাঁচাতে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের বড় একটি অংশ কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে আশ্রয় নেয়।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। দেশটির অভিযোগ ছিল, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা করেছে।
গণহত্যার অভিযোগ অস্বীকার করেছিল মিয়ানমার
গাম্বিয়া তার মামলায় রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাগুলোকে গণহত্যার অংশ হিসেবে তুলে ধরে।
তবে মিয়ানমার এসব অভিযোগের বিপরীতে দাবি করে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) পুলিশ চৌকিতে হামলার জবাবে নিরাপত্তা অভিযান চালানো হয়েছিল। দেশটির বক্তব্য ছিল, ওই অভিযান ছিল সন্ত্রাসবিরোধী কার্যক্রম।
১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে বসবাস করছে। দীর্ঘদিন ধরে তাদের বড় একটি অংশ বাংলাদেশে আশ্রিত রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা ও রয়টার্স।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
