Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৪:২৭ পিএম

তেল-গ্যাস উত্তোলনে বিদেশি বিনিয়োগ চান স্পিকার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৪:২৭ পিএম

তেল-গ্যাস উত্তোলনে বিদেশি বিনিয়োগ চান স্পিকার

বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান এবং উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব
সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন। দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিকশিত হয়েছে।

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার কথা তুলে ধরেন স্পিকার
সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাস তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ছিল দীর্ঘ অপেক্ষার। ১৯৪৭ সালে দেশভাগের পরও গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হলেও গণতন্ত্র অধরাই থেকে যায়। বিভিন্ন সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।

স্পিকার আরও অভিযোগ করেন, বিগত ১৬ বছরের প্রহসনের নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসন কায়েম করে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়েছিল। গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সর্বাধিক গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতের বক্তব্য
স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে স্লোভেনিয়া সরকার আগ্রহী।

সংসদীয় ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আলোচনা
সাক্ষাতে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও এর সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সংস্কৃতির বিনিময়ের বিষয়ে গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

এ সময় বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান স্পিকার। সাক্ষাতে স্লোভেনিয়ার দূতাবাসের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!