বাংলাদেশ পুলিশে একযোগে ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন উপমহাপরিদর্শক (ডিআইজি), দুজন অতিরিক্ত ডিআইজি এবং ১৪ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাঁদের পুলিশের বিভিন্ন ইউনিট, মেট্রোপলিটন পুলিশ, প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য সংস্থায় পদায়ন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ দেওয়া হয়েছে।
ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদে রদবদল
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট করা হয়েছে। ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকেও রংপুর পিটিসিতে বদলি করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ ও সিআইডিতে পদায়ন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। একই ইউনিটের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিভিন্ন ইউনিট ও প্রশিক্ষণ কেন্দ্রে বদলি
সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।
রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।
২৪ নভেম্বরের মধ্যে যোগদানের নির্দেশ
প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি
