Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:০৭ পিএম

ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, লড়াইয়ে নতুন উত্তাপ

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:০৭ পিএম

ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, লড়াইয়ে নতুন উত্তাপ

ফিফা সভাপতি পদে আবারও নির্বাচিত হওয়ার লক্ষ্যে লড়বেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার সুযোগ নেই তার। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন জাপানের কোহজো তাশিমা ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো।

বুধবার (১৮ নভেম্বর) ফিফা সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়। পরদিন বৃহস্পতিবার এক বিবৃতিতে তিন প্রার্থীর নাম প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন—ফিলিপ দিয়ালো, জিয়ান্নি ইনফান্তিনো ও কোহজো তাশিমা।

আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস। সেখানেই ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সংস্থাটির পরবর্তী সভাপতি। গত ২৯ এপ্রিল ফিফা কাউন্সিল নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল।

চূড়ান্ত প্রার্থী হওয়ার অপেক্ষায় তিনজন
মনোনয়ন জমা দিলেই নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হওয়া নিশ্চিত নয়। ফিফার নির্বাচনবিষয়ক কমিটি মনোনয়নগুলো যাচাই করে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করবে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে কোন কোন প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হয়েছে, তা সদস্য দেশগুলোকে জানানো হবে।

দিয়ালোর পাশে উয়েফা
নির্বাচনে ইনফান্তিনোর অন্যতম প্রতিদ্বন্দ্বী ফিলিপ দিয়ালোকে সমর্থন দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। শুরুতে ইনফান্তিনোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকলেও উয়েফার এই অবস্থানের পর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।

উয়েফা সভাপতি আলেক্সান্ডার চেফেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ইউরোপের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা দিয়ালোর প্রতি সর্বসম্মত সমর্থন জানান। একই সঙ্গে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক আমন্ত্রণ এবং পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন তারা।

কে এই ফিলিপ দিয়ালো?
ফুটবলের বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দিয়ালোর। ফ্রান্সের পেশাদার ফুটবল ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি। দায়িত্ব পালন করেছেন ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবল লিগের বোর্ডেও। পাশাপাশি ফিফার বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত বিভিন্ন সংস্থার সঙ্গেও কাজ করেছেন।

২০২৩ সালে উয়েফার নির্বাহী কমিটিতে যোগ দেওয়ার আগে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন দিয়ালো।

ফিফার বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। তাদের মতে, বিশ্ব ফুটবলে ঐক্য ও পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা জরুরি। প্রতিটি অঞ্চলে ফুটবলের উন্নয়নকে ফিফার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে। এ জন্য সদস্য অ্যাসোসিয়েশন, কনফেডারেশন ও ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।

কালের আলো/এমএস/জেএন

Link copied!