Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আঙ্কেল, হ্যাপি বার্থ ডে’—শিশুদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৪:২১ পিএম

গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৪:২১ পিএম

গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের আন্দোলনের মুখে জেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক পোশাক কারখানা সোমবারের (২ নভেম্বর) জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর থেকে মাঠে কাজ শুরু করেন পুলিশ ও বিজিবি সদস্যরা। এ ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।

সকাল থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ভোগড়া, নাওজোর ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

পুলিশের গাড়ি ও কাভার্ড ভ্যানে আগুন

বিক্ষোভের একপর্যায়ে নাওজোর এলাকায় পুলিশের একটি গাড়িতে এবং সফিপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা চেষ্টা চালালে বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে কয়েকজন সাংবাদিক ও বিজিবির এক সদস্য আহত হয়েছেন।

দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

শ্রমিকদের বিক্ষোভ ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের বিভিন্ন এলাকার দেড় শতাধিক পোশাক কারখানার কর্তৃপক্ষ সোমবারের জন্য ছুটি ঘোষণা করেন। কয়েকটি এলাকায় শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলেও কিছু স্থানে দুপুর পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল।

৩০ জন আটক

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, দুপুর থেকে পুলিশ ও বিজিবি সদস্যরা গাজীপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকেরা পুলিশের গাড়িসহ দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এসব ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের দেড় শতাধিক পোশাক কারখানার কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করেছেন।

বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!