গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকারে এ পরিবর্তন আনা হচ্ছে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রকল্পের সংখ্যাই বেশি।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেকের বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
উন্নয়নের সুফল পৌঁছাতে চায় অধিকাংশ মানুষের কাছে
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। উন্নয়নের সুফল যেন কেবল শহরের মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং দেশের অধিকাংশ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে চায় সরকার।
তিনি বলেন, শুধু শহরকেন্দ্রিক বিনিয়োগ করা হলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হবেন। তাই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা প্রয়োজন। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম লক্ষ্যও হচ্ছে বৈষম্য কমিয়ে সবার জন্য সমান উন্নয়নের সুযোগ তৈরি করা।
সম্ভাব্যতা যাচাই ছাড়া প্রকল্প বাস্তবায়ন নয়
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, নীতিমালা অনুযায়ী ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করতে হয়। বিশেষ করে কারিগরিভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষেত্রে এ যাচাই আরও বেশি জরুরি।
তিনি জানান, অর্থবছরের সময়সীমার সঙ্গে সমন্বয় করতে গিয়ে কোনো কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হলেও বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাইয়ের শর্ত পূরণ করতে হবে। সম্ভাব্যতা যাচাই ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন করা হবে না।
সেতু নির্মাণে নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় গুরুত্ব
প্রকল্পের আওতায় সেতু নির্মাণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অতীতে অনেক সেতু নির্মাণের কারণে নদীর প্রশস্ততা ও স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন সেতুর নকশা তৈরির ক্ষেত্রে নদীর দুই তীরের মধ্যে সংযোগ নিশ্চিত করার পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এডিপিতে আরও গ্রামীণ প্রকল্প আসার সম্ভাবনা
জোনায়েদ সাকি বলেন, বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকারে পরিবর্তন আসে। কখনো সড়ক যোগাযোগ, কখনো মেট্রোরেল, কখনো পানি ব্যবস্থাপনা আবার কখনো গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বেশি গুরুত্ব পায়। এবারের একনেক বৈঠকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রকল্প বেশি অনুমোদন পেয়েছে।
তিনি আরও জানান, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী এক মাসে এ ধরনের প্রকল্প আরও বেশি আসতে পারে। এর মাধ্যমে গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।
কালের আলো/এসকে/এমএসআইপি
