২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরের ঘটনাটি একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড। তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি পদ্ধতিগত অপরাধ, যেখানে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র বিষয়টি রয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ ঘটনায় তদন্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে একটি খসড়া প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হচ্ছে, যাতে স্বচ্ছ তদন্তের ভিত্তিতে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা যায়।
চিফ প্রসিকিউটর জানান, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিষয়েও খসড়া প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আসামিদের বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, এটি এখনো খসড়া প্রতিবেদন হওয়ায় অভিযুক্তদের তালিকা প্রকাশ করা যাচ্ছে না। তবে প্রাথমিক প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি সাবেক পুলিশপ্রধান, বিজিবি প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধেও খসড়া প্রতিবেদন পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যাচাই-বাছাই শেষে আসামিদের তালিকায় পরিবর্তন আসতে পারে। কারা আনুষ্ঠানিকভাবে আসামি হচ্ছেন, তা চার্জ দাখিলের পর জানা যাবে।
নিহতের সংখ্যা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, তদন্তে এখন পর্যন্ত ৬১ জন নিহতের একটি তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এর আগে রোববার সকালে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায়। প্রতিনিধি দলে হেফাজতে ইসলামের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অনেকে উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএ
