Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১০:২৪ এএম

এনআইডি সেবায় ছয় মাসেও মেলে না সমাধান, বিব্রত সিইসি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১০:২৪ এএম

এনআইডি সেবায় ছয় মাসেও মেলে না সমাধান, বিব্রত সিইসি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ জন্য আবেদন গ্রহণ থেকে শুরু করে সেবা প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে এনআইডি সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের কাছ থেকে কার্যকর ও বাস্তবসম্মত পরামর্শ চেয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরাও অংশ নেন।

এনআইডি আবেদনে দীর্ঘসূত্রতা নিয়ে বিব্রত সিইসি

সিইসি বলেন, প্রতিদিন তাঁর কাছে স্বাক্ষরের জন্য আসা আবেদনগুলোর মধ্যে অন্তত ছয়-সাতটি থাকে এনআইডি-সংক্রান্ত। কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি তাঁকে বিব্রত করে। গণমাধ্যমে এনআইডি সেবায় হয়রানির খবর দেখলেও তিনি অস্বস্তি বোধ করেন।

তিনি বলেন, এনআইডি-সংক্রান্ত হয়রানি ও দুর্নীতির অভিযোগ থেকে বেরিয়ে আসতে হবে। এমন পরিবেশ তৈরি করতে চান, যেখানে নাগরিকদের সেবা পেতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না।

আবেদন গ্রহণের সঙ্গে সঙ্গে দিতে হবে বার্তা

নাগরিকদের আবেদন গ্রহণের পর দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তাঁর আবেদন গ্রহণ করা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।

প্রয়োজনে আবেদনকারীকে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দেওয়ার পরামর্শ দেন তিনি। এতে পরবর্তী সময়ে আবেদনকারী সহজেই নিজের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

সিইসি বলেন, একজন নাগরিক আবেদন করার পর ছয় মাস ধরে কোনো উত্তর পাবেন না, তাঁর আবেদন কোথায় আছে সেটিও জানতে পারবেন না—এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।

দায় এড়িয়ে নয়, সমাধান দিতে হবে

এনআইডি-সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানান সিইসি। জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে সমস্যা থাকলে সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার না করে নাগরিকের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ব্লেম গেম’ করে মানুষকে সেবা দেওয়া সম্ভব নয়। এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না। নাগরিকদের সেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করতে হবে।

বয়স্ক ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা নাগরিকদের গুরুত্ব

দেশের সব নাগরিক প্রযুক্তি ব্যবহারে সমানভাবে দক্ষ নন উল্লেখ করে সিইসি বলেন, বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের পক্ষে অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করা কঠিন। তাই সেবা প্রদানের ক্ষেত্রে তাঁদের সক্ষমতা বিবেচনায় রাখতে হবে।

এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপ্রক্রিয়া ও নিয়মকানুন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি যাঁরা অনলাইন সেবা ব্যবহারে সক্ষম নন, তাঁদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেন।

স্মার্ট কার্ড বিতরণে বিকল্প ব্যবস্থার তাগিদ

জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, এনআইডি শুধু একটি সাধারণ কার্ড নয়; এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। তাই স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতে হবে।

তিনি বলেন, সবাইকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব না হলেও শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোড করতে বললে হবে না। গ্রামের অনেক মানুষ ডাউনলোড করার বিষয়টিই বোঝেন না। তাঁদের কাছে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে দেওয়ার উপায় খুঁজে বের করতে হবে।

এনআইডি প্রদানের ক্ষেত্রে ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারণের ওপরও গুরুত্ব দেন সিইসি। তাঁর মতে, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশনের পক্ষে নেওয়া সম্ভব নয়। তবে এনআইডি সেবা দিতে গিয়ে নাগরিকরা যেন অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

সবশেষে সিইসি বলেন, এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধ করাই তাঁদের প্রত্যাশা। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা, বাস্তবসম্মত পরামর্শ ও কার্যকর সমাধান প্রয়োজন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!