ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে তাঁর মুখপাত্র এ পরিকল্পনার কথা জানান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এ পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।
রাষ্ট্রীয় বিমানে ফেরার আহ্বান
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এখন সরকারের প্রতি তাঁর আহ্বান, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য যেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করা হয়।
মুখপাত্র আরও বলেন, সংবিধানের পরিপন্থি উপায়ে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।
দেশে ফিরলে গ্রেপ্তারের কথা সরকারের
এর আগে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের এক মন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।
মৃত্যুদণ্ডের রায়, অভিযোগ অস্বীকার হাসিনার
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য শেখ হাসিনার আবেদন করার পর থেকে দেশে সহিংসতা বেড়েছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি











-20261121140412.jpg)








