Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:৩৯ এএম

খাবার বিতরণকারী গাড়ি লক্ষ্য করে হামলা, গাজায় নতুন করে প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:৩৯ এএম

খাবার বিতরণকারী গাড়ি লক্ষ্য করে হামলা, গাজায় নতুন করে প্রাণহানি

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা থামছে না। এবার উপত্যকাটির গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণে নিয়োজিত একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। একই দিনে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি গুলিতে আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২১ নভেম্বর) গাজা নগরীর তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার বিতরণ করছিল গাড়িটি। এ সময় সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গাড়িতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি ত্রাণ সংস্থার লোগোযুক্ত কাগজপত্র ছিল বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িটি তাদের নয়।

হামলার প্রত্যক্ষদর্শী ও বাস্তুচ্যুত গাজার বাসিন্দা আবু জেইন আল-দায়া বলেন, গাড়িটি গাজার দরিদ্র ও তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে খাবার বিতরণ করত। শিশুদের খাবার ও পানীয় দিতে একটি স্থানে থামার সময় গাড়িটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, যারা খাবার বিতরণ করতে আসছেন, তারাও হামলার শিকার হচ্ছেন।

যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত
উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তাঁকে আল-শিফা হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন আল-জাজিরার গাজা নগরীর প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিনজন আহত হন। তাঁদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৩৬ জনে।

আল-জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি গাজার মানুষের জীবনে এখনো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ তাঁদের প্রতিদিনের ভয়াবহ বাস্তবতার অংশ হয়ে রয়েছে।

গাজায় বাড়ছে মানবিক সংকট
শীতকালীন আবহাওয়া গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চলতি সপ্তাহের শুরুতে সতর্ক করে জানিয়েছে, খাবার রান্নার জন্য ফিলিস্তিনিরা আবর্জনা পোড়াতে বাধ্য হচ্ছেন। ডব্লিউএফপির ফিলিস্তিনবিষয়ক পরিচালক শন হিউজ বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রান্নার জন্য ব্যবহৃত আবর্জনাও এখন ভিজে গেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে মিসরে থাকা এক লাখের বেশি তাঁবু গাজায় পাঠানো যাচ্ছে না। ফলে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদক আল-খলিলির ভাষ্য, সামনে দিনগুলো আরও অনিশ্চিত। নিত্যপ্রয়োজনীয় মৌলিক সামগ্রীর সংকটও বাড়ছে।

গাজায় নিহত প্রায় ২২ হাজার শিশু
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর পর্যন্ত উপত্যকাটিতে প্রায় ২২ হাজার শিশু নিহত হয়েছে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২১ হাজার ৯৭৬ শিশু প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ৬১২ শিশুর জন্ম হয়েছে যুদ্ধ চলাকালে। এসব শিশুর মধ্যে ৪৪৮ জন এক বছর বয়স হওয়ার আগেই মারা গেছে।

এদিকে ফিলিস্তিনি বন্দীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, প্রায় ৩৫০ ফিলিস্তিনি শিশু এখনো ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে। তাদের অভিযোগ, এসব শিশু নির্যাতন ও অনাহারের শিকার হচ্ছে এবং মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে।

পশ্চিম তীরেও বসতি স্থাপনকারীদের সহিংসতা
গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বেড়েছে। গত শুক্রবার গভীর রাতে রামাল্লার উত্তরে দুরা আল-কারি গ্রামের কাছে ইসরায়েলি বসতির নিরাপত্তারক্ষীদের গুলিতে হামজা মাসউদ সালিম আবদো (৪২) নামের এক ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাঁর মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ আটকে রেখেছে। এ ঘটনায় আরও একজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

আল-জাজিরার রামাল্লা প্রতিনিধি নুর ওদেহ বলেন, বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। তাঁর ভাষ্য, ইসরায়েলি কর্তৃপক্ষ যেসব হামলার তদন্ত করে, সেসব ঘটনায় ৩ শতাংশেরও কম ক্ষেত্রে আংশিক বা পূর্ণ দোষী সাব্যস্ত করার ঘটনা ঘটে। বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে ফিলিস্তিনিরা প্রায়ই আটক, জিজ্ঞাসাবাদ ও হয়রানির শিকার হন। এ কারণে অভিযোগ জানানোর সংখ্যাও কম।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এ সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যসহ ইসরায়েলের মিত্রদেশগুলোও।

কালের আলো/এমডিএইচ/জেএন

Link copied!