রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে অধিকৃত ক্রিমিয়াকে যুক্ত করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কার্চ সেতুতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। কয়েক দিনের ধারাবাহিক অভিযানে সেতুটির সড়ক অংশ ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রেলপথও। এতে ক্রিমিয়ায় অবস্থানরত রুশ সেনাদের কাছে অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি ও সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সরবরাহপথ কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে কিয়েভ।
ইউক্রেনের দাবি, কার্চ সেতুতে এটি তাদের চতুর্থ অভিযান। এবারের অভিযান আগেরগুলোর তুলনায় অনেক বেশি জটিল ও পরিকল্পিত ছিল। শুধু সেতুতেই সীমাবদ্ধ থাকেনি ইউক্রেনের হামলা। একই সময়ে রাশিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি তেল শোধনাগার, জ্বালানি মজুতকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সড়কেও আঘাত হেনেছে দেশটির সামরিক বাহিনী।
ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়ায় যাওয়ার সংক্ষিপ্ত সরবরাহপথটি ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্চ সেতুকে রাশিয়ার ‘যুদ্ধযন্ত্রের’ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, এই সেতু ব্যবহার করে রুশ বাহিনীর জন্য জ্বালানি, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম এবং সেনাসদস্য পরিবহন করা হতো।
চার দিনে কয়েক দফা হামলা, ক্ষতিগ্রস্ত সড়ক ও রেলপথ
ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর কার্চ সেতুতে প্রথম দফার হামলা চালানো হয়। এতে সেতুর সড়কপথ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ইস্পাতের কাঠামোতেও আঘাত লাগে।
পরদিন ১৭ নভেম্বর কামিকাজে ড্রোন ব্যবহার করে সেতুর সড়ক অংশে হামলার কথা জানায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা। তাদের দাবি, এই হামলায় সেতুটির সড়ক অংশ ধসে পড়ে। এরপর পৃথকভাবে লক্ষ্যবস্তু করা হয় সেতুর রেল অংশ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, অভিযানে নেপচুন ও ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র এবং রুটা ড্রোন ব্যবহার করা হয়েছে। পরবর্তী সময়ে ১৮ ও ১৯ নভেম্বর আবারও নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে রেল অংশে আঘাত হানা হয়। এতে রেল চলাচল বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে কিয়েভ।
ইউক্রেনের সামরিক বাহিনীর ভাষ্য, মূল অভিযান শুরুর আগে প্রায় এক মাস ধরে সেতুটির আশপাশে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ধ্বংসের অভিযান চালানো হয়। এসব প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করার পর কয়েক ধাপে কার্চ সেতুতে হামলা চালানো হয়।
রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু
কার্চ সেতুতে হামলার পাশাপাশি রাশিয়ার জ্বালানি অবকাঠামোতেও বড় ধরনের অভিযান চালিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, রাশিয়ার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থলপথ এম-১৪ রস্তভ-ক্রিমিয়া মহাসড়কেও হামলা হয়েছে। একই সময়ে আজভ, ইলস্কি ও আফিপস্কির তেল শোধনাগার এবং বিভিন্ন জ্বালানি ডিপো লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইউক্রেনের যুক্তি, এসব স্থাপনায় মজুত করা জ্বালানি সহজেই যুদ্ধক্ষেত্রে পৌঁছে রুশ বাহিনীর সামরিক কার্যক্রম সচল রাখতে সহায়তা করে। তাই রাশিয়ার সামরিক সরবরাহব্যবস্থাকে দুর্বল করতে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এর আগে কৃষ্ণসাগর ও আজভ সাগরে রাশিয়ার তেল ও জ্বালানি পরিবহনকারী জাহাজেও হামলা চালিয়েছে ইউক্রেন। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৩০০টি জাহাজে হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। এসব অভিযানের মাধ্যমে রাশিয়ার জ্বালানি পরিবহন ও রপ্তানি সক্ষমতায় চাপ তৈরির চেষ্টা করছে ইউক্রেন।
হামলার দাবি নিয়ে পাল্টা বক্তব্য মস্কোর
ইউক্রেনের ধারাবাহিক হামলার বিপরীতে রাশিয়াও তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাফল্যের দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র ৪৮ ঘণ্টায় ইউক্রেনের ৪ হাজার ৩০৫টি ড্রোন প্রতিহত করেছে রুশ বাহিনী। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে ৮৮২টি ড্রোন প্রতিহত করার দাবি করেছিল মস্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কার্চ সেতুতে হামলার সমালোচনা করে এটিকে বেসামরিক স্থাপনায় আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, সেতুটি দিয়ে তেল বা তেলজাতীয় পণ্য পরিবহন করা হতো না। তবে ইউক্রেনের বক্তব্য, সেতুটি রুশ সেনাদের জন্য সামরিক সরঞ্জাম ও অন্যান্য রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হতো।
২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর নির্মিত কার্চ সেতু
ক্রিমিয়া একসময় ইউক্রেনের অংশ ছিল। ২০১৪ সালে অঞ্চলটি দখল করে নেয় রাশিয়া। এরপর ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত করতে কার্চ প্রণালির ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় মস্কো। প্রায় চার বছর পর চালু হয় এই সেতু, যা ক্রিমিয়া সেতু নামেও পরিচিত।
সেতুটি রাশিয়ার মূল ভূখণ্ড ও ক্রিমিয়ার মধ্যে সরাসরি সড়ক ও রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। সামরিক ও বেসামরিক উভয় ধরনের পরিবহনে এর কৌশলগত গুরুত্ব রয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় ক্রিমিয়ায় রুশ সেনাদের রসদ ও সামরিক সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ফলে কার্চ সেতুতে ধারাবাহিক হামলা রাশিয়ার সামরিক সরবরাহব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে তেল শোধনাগার, জ্বালানি ডিপো এবং পরিবহন অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের অভিযান রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতাকে কতটা প্রভাবিত করে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। সূত্র: আলজাজিরা
কালের আলো/এসএ/টিসি



-20261121063313.jpg)












-20261119145050.jpg)



