Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:৪৬ এএম

ফ্লাইটে ওঠার সময় দুই যাত্রী গ্রেপ্তার, আইসিইর বিরুদ্ধে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:৪৬ এএম

ফ্লাইটে ওঠার সময় দুই যাত্রী গ্রেপ্তার, আইসিইর বিরুদ্ধে ক্ষোভ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটে ওঠার সময় দুই যাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে গেছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টরা। শনিবার (২১ নভেম্বর) লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটে যাত্রী ওঠার সময় এ ঘটনা ঘটে। এতে বিমানবন্দরে উপস্থিত যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিলম্বিত হয় ফ্লাইট ছাড়ার সময়ও।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর আইসিইর অভিযান নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা কয়েকজন কর্মকর্তা একজন যাত্রীকে মাটিতে ফেলে ধস্তাধস্তি করছেন। পরে তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যান তাঁরা। এ সময় আশপাশে যাত্রীদের লাগেজ ও ট্রলি ছিল।

ভিডিওতে এক নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, কর্মকর্তারা তাঁর মেয়েকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাঁর কাছে কাজের অনুমতিপত্র রয়েছে। ঘটনাটি ঘিরে বিমানবন্দরে উপস্থিত অন্যদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

যে কারণে অভিযান, আইসিইর দাবি
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইসিই এক বিবৃতিতে জানায়, মেক্সিকো থেকে আসা অভিবাসী রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজাকে গ্রেপ্তার করতে এ অভিযান চালানো হয়। সংস্থাটির দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

আইসিই আরও জানায়, এ সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামে আরেক যাত্রী কর্মকর্তাদের দিকে গরম কফি ছুড়ে মারেন। তিনিও মেক্সিকো থেকে আসা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বলে দাবি করেছে সংস্থাটি। একজন ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ফ্লাইট ছাড়তে দেরি, উদ্বেগে বিমান সংস্থা
অনলাইন ফ্লাইট-তথ্য অনুযায়ী, আলাস্কা এয়ারলাইনসের লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে আইসিইর অভিযানের কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি।

আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, অভিযান চালানোর বিষয়ে আইসিই আগে থেকে তাদের কোনো সতর্কবার্তা দেয়নি। যাত্রী ওঠার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইনস বলেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রী ও কর্মীদের যে দুর্ভোগ হয়েছে, তা তারা উপলব্ধি করছে। প্রত্যেক যাত্রীর সঙ্গে মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করাকে তারা গুরুত্ব দেয়। বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটলের সঙ্গে মিলে অভিযানের সময় যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও উদ্বেগের বিষয়টি জানিয়েছে বিমান সংস্থাটি।

পোর্ট অব সিয়াটলও এক বিবৃতিতে ঘটনাটিকে সংশ্লিষ্ট পরিবার ও বিমানবন্দরে থাকা অন্য যাত্রীদের জন্য ভীতিকর ও পীড়াদায়ক বলে উল্লেখ করেছে। কী ঘটেছিল, তা জানতে স্থানীয় কর্তৃপক্ষ ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে সংস্থাটি।

আইসিই বিলুপ্তির দাবি গভর্নরের
ওয়াশিংটন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর বব ফার্গুসন আইসিইর এ ধরনের অভিযানকে ‘চরম অ-আমেরিকানসুলভ’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার শ্রমিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফার্গুসন বলেন, ছড়িয়ে পড়া ভিডিওটি ভয়াবহ ও শিউরে ওঠার মতো। যুক্তরাষ্ট্রের এমন অভিবাসন ও সীমান্ত নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন, যা কার্যকর, নৈতিক ও মানবিক। তাঁর মতে, আইসিই সেই মানদণ্ড পূরণ করতে পারছে না এবং সংস্থাটিকে আর সংস্কার করা সম্ভব নয়।

আইসিই কর্মকর্তারা কীভাবে বিমানবন্দরের যাত্রী ওঠার সংযোগপথে প্রবেশের অনুমতি পেলেন, তা খতিয়ে দেখছেন বলেও জানান গভর্নর। এজেন্টরা গত মার্চে তাঁর স্বাক্ষরিত অঙ্গরাজ্যের একটি আইন লঙ্ঘন করে থাকতে পারেন বলে মনে করেন তিনি। ওই আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মুখ ঢাকার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

শ্রমিক নেতাদেরও উদ্বেগ
ঘটনায় উদ্বেগ জানিয়েছেন শ্রমিক নেতারাও। ওয়াশিংটন স্টেট লেবার কাউন্সিলের (এএফএল-সিআইও) সভাপতি এপ্রিল সিমস জানান, ওই ফ্লাইটে তাঁদের সংগঠনের সদস্যরাও ছিলেন।

তিনি বলেন, যোগাযোগব্যবস্থার ত্রুটির কারণে কয়েক দিন ধরে সারা দেশে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার পর এবং বছরের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুমে এ অভিযান চালানো হয়েছে। এতে যাত্রী ও বিমানবন্দরকর্মীদের ভোগান্তি আরও বেড়েছে। বিমানবন্দরের কর্মীরা আগে থেকেই মানসিক চাপের মধ্যে ছিলেন। এমন পরিস্থিতিতে শান্তি ও আস্থা ফিরিয়ে আনার পরিবর্তে ফেডারেল এজেন্টরা আরও বেশি ভয় ও বিশৃঙ্খলা তৈরি করেছেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে আইসিইর গ্রেপ্তার অভিযান বেড়েছে। বিশেষ করে যাঁরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করেছেন, তাঁদের লক্ষ্য করে এসব অভিযান চালানো হচ্ছে।

কালের আলো/এএন/জেএন

Link copied!