Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৬:২২ পিএম

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৬:২২ পিএম

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ

নারীর প্রতি বিদ্বেষ ও সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভে নেমেছেন সুইজারল্যান্ডের কয়েক শ পুরুষ। রাজধানী বার্নের রাজপথে তাঁদের এই কর্মসূচিতে উঠে এসেছে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজে ছড়িয়ে পড়া নারীবিদ্বেষী মনোভাব প্রতিরোধে পুরুষদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান।

স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনের সামনে ‘নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীর প্রতি বিদ্বেষমূলক প্রবণতা বাড়তে থাকার উদ্বেগ থেকেই এই প্রতিবাদের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা মনে করেন, এ ধরনের মনোভাবের বিরুদ্ধে সামাজিকভাবে বিকল্প বক্তব্য ও সচেতনতা তৈরি করা জরুরি।

অনলাইন নারীবিদ্বেষ নিয়ে উদ্বেগ
সুইজারল্যান্ডে নারীদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব ছড়িয়ে পড়ার পেছনে ডানপন্থী ‘ম্যানোস্ফিয়ার’ নামের অনলাইন গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে। এসব অনলাইন ফোরামে পুরুষের আধিপত্য প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি বিদ্বেষমূলক ধারণা প্রচার করা হয়। বিশেষ করে তরুণদের মধ্যে এ ধরনের বক্তব্যের প্রভাব নিয়ে আলোচনা বাড়ছে।

বিক্ষোভের অন্যতম আয়োজক ৪২ বছর বয়সী সমাজকর্মী ক্রিস্টফ গোস্তেলি বলেন, নারী ও সমকামীদের প্রতি সহিংস আচরণের সমস্যার মূলে পুরুষদের ভূমিকা রয়েছে। তাই এ বিষয়ে পুরুষদেরই প্রতিবাদ জানানো এবং নিজেদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।

তিনি বলেন, পুরুষেরা আর সমস্যার অংশ হয়ে থাকতে চান না; বরং সমাধানের অংশ হতে চান। ‘ম্যানার’ নামের একটি সংগঠনের সঙ্গে যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করেন তিনি।

তরুণদের মধ্যে পুরুষতান্ত্রিক ধারণা
জুরিখ বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের পুরুষ ও বাবাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘ম্যানকেয়ার’ গত জুনে একটি জরিপ প্রকাশ করে। জরিপে দেখা যায়, দেশটির ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের প্রায় অর্ধেকই পৌরুষ সম্পর্কে কঠোর ও আধিপত্যবাদী ধারণা পোষণ করেন। তাঁদের মধ্যে এমন ধারণাও রয়েছে যে প্রকৃত পুরুষেরা সমাজে ক্রমেই গুরুত্ব হারাচ্ছেন।

জরিপে বলা হয়, সহিংসতাকে উৎসাহিত করে এমন পুরুষতান্ত্রিক ধারণার বিরুদ্ধে সমাজের সব পর্যায়ে আলোচনা প্রয়োজন। এ আলোচনা শুরু করার ক্ষেত্রে বিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

সহিংস অপরাধে পুরুষদের সম্পৃক্ততা বেশি
সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বিট জেনস চলতি মাসের শুরুতে নারীদের ওপর অনলাইন সহিংসতার ঝুঁকি নিয়ে আয়োজিত একটি সম্মেলনে অংশ নেন। ২ নভেম্বর তিনি জানান, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের প্রতি পাঁচটির মধ্যে চারটির সঙ্গে পুরুষেরা জড়িত। ধর্ষণের ক্ষেত্রে এ হার ৯৯ শতাংশ পর্যন্ত।

বিচারমন্ত্রী বলেন, সব পুরুষ সহিংস নন। তবে প্রায় সব ক্ষেত্রেই অপরাধের সঙ্গে পুরুষদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করা জরুরি। তাঁর মতে, কাউকে অপমান, হেয় করা কিংবা আঘাত করার মধ্য দিয়েই অনেক সময় পুরুষের সহিংস আচরণ শুরু হয়।

এ ধরনের আচরণ প্রতিরোধে শুধু নারীদের নয়, পুরুষদেরও দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিক্ষোভকারীদের বক্তব্যেও উঠে এসেছে একই আহ্বান—নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষ বন্ধে পুরুষদের নীরব না থেকে সক্রিয়ভাবে প্রতিবাদ জানাতে হবে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!