বিশ্বজুড়ে আলোড়ন তোলা ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ সিক্স) তৈরির সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের তরুণ ডিজাইনার সালমান রহমান অন্তর। গেমটির চরিত্র নির্মাণে কাজ করেছেন তিনি। ৩৪ বছর বয়সী এই শিল্পী যুক্তরাষ্ট্রভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টারের টরন্টো স্টুডিওর ডিজাইন দলের সদস্য। দীর্ঘ চার বছর ধরে কাজ করেছেন বহুল প্রতীক্ষিত এই গেমের চরিত্র তৈরির পেছনে।
২০১৩ সালে জিটিএ ফাইভ প্রকাশের পর থেকেই নতুন সংস্করণের অপেক্ষায় ছিলেন সিরিজটির ভক্তরা। ১৩ বছরের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় জিটিএ সিক্স। গেমটির সঙ্গে নিজের নাম যুক্ত করতে পেরে সালমানের দীর্ঘদিনের স্বপ্নও পূরণ হয়েছে।
স্থাপত্য থেকে গেম ডিজাইনে
ছোটবেলা থেকেই শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন সালমান রহমান। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করে চারুকলায় পড়ার ইচ্ছা ছিল তাঁর। তবে পরিবারের অনিচ্ছায় আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে ভর্তি হন।
স্থাপত্যে পড়াশোনা শেষ করে চার বন্ধুর সঙ্গে একটি স্থাপত্য প্রতিষ্ঠানও গড়ে তোলেন। কিন্তু শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা তাঁকে অন্য পথে টানছিল। পেশাগত কাজের পাশাপাশি নিজের আগ্রহ থেকে ভিডিও গেমের চরিত্র তৈরির চর্চা চালিয়ে যান তিনি। একপর্যায়ে গেম আর্ট নিয়ে আনুষ্ঠানিকভাবে পড়াশোনার সিদ্ধান্ত নেন।
২০১৯ সালে কানাডার জর্জ ব্রাউন কলেজে গেম আর্ট বিষয়ে ভর্তি হন সালমান। তবে করোনা মহামারির কারণে ক্যাম্পাসে গিয়ে পড়াশোনার সুযোগ হয়নি। অনলাইনেই শেষ করতে হয় পুরো কোর্স। এ সময় নিজের দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
সালমানের ভাষায়, অনলাইনে পড়াশোনা করতে গিয়ে বুঝতে পারেন, নিজে নিজে এত দিন যা শিখেছেন, তার চেয়ে খুব বেশি নতুন কিছু শেখানো হচ্ছে না। তাই পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা উন্নয়নে সময় দেন।
যেভাবে সুযোগ পেলেন রকস্টারে
২০২২ সালে পড়াশোনা শেষ করে চাকরি খোঁজা শুরু করেন সালমান। একপর্যায়ে জানতে পারেন, রকস্টার গেমের জন্য ক্যারেক্টার ডিজাইনার নিয়োগ দিচ্ছে। নিজের কাজের নমুনা বা পোর্টফোলিও জমা দেন তিনি। এরপর প্রতিষ্ঠানটি থেকে সাক্ষাৎকারের ডাক পান।
সেই অভিজ্ঞতা সম্পর্কে সালমান বলেন, অন্য অনেক প্রতিষ্ঠানের মতো রকস্টারেও পোর্টফোলিও জমা দিয়েছিলেন। একদিন ইমেইলে সাক্ষাৎকারের আমন্ত্রণ পান। সেখান থেকেই শুরু হয় রকস্টার ও জিটিএ সিক্সের সঙ্গে তাঁর পথচলা।
২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে রকস্টার টরন্টোতে যোগ দেন তিনি। এরপর টানা চার বছর কাজ করেন জিটিএ সিক্সের চরিত্র নির্মাণে।
শহরকে প্রাণবন্ত করেছেন যেসব চরিত্র
জিটিএ সিক্সে সালমানের মূল দায়িত্ব ছিল গেমের পটভূমিতে থাকা চরিত্রগুলো তৈরি করা। এসব চরিত্রকে খেলোয়াড়েরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারেন না। তবে গেমের শহরকে জীবন্ত ও বাস্তবসম্মত করে তুলতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সালমান জানান, শুরুতে এত বড় প্রতিষ্ঠানে কী ধরনের কাজ পাবেন, তা নিয়ে তাঁর ধারণা ছিল না। ছোটখাটো কোনো দায়িত্ব পাওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু শুরু থেকেই জিটিএ সিক্সের চরিত্র তৈরির কাজে যুক্ত হওয়ার সুযোগ পান।
কোনো চরিত্র দেখতে কেমন হবে, কী পোশাক পরবে কিংবা কী ধরনের আচরণ করবে—এসব বিষয় নির্ধারণে দলের অন্য সদস্যদের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর তৈরি চরিত্রগুলো গেমের পরিবেশ ও শহরের স্বাভাবিক গতিশীলতা ফুটিয়ে তুলতে সহায়তা করেছে।
রকস্টারের কাজের ধরনও ছিল দলনির্ভর। একটি চরিত্র তৈরির পর সেটি নিয়ে কাজ করে অ্যানিমেশন দল, পরে যুক্ত হয় গেম মেকানিকস বিভাগ। বিভিন্ন স্টুডিওর কর্মীরা সমন্বিতভাবে কাজ করেন পুরো গেমটি নির্মাণে।
ছোটবেলার স্বপ্নের বাস্তবায়ন
ভিডিও গেমের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল সালমানের। বিশেষ করে রোল প্লেয়িং গেমের ভক্ত তিনি। জিটিএ সিরিজের সব কটি গেমই খেলেছেন। ‘ডেভিল মে ক্রাই’ গেমের দান্তে চরিত্র তাঁকে একসময় অনুপ্রাণিত করেছিল। তখনই নিজের হাতে এমন চরিত্র তৈরির স্বপ্ন দেখেছিলেন।
সেই স্বপ্নেরই বাস্তব রূপ পেয়েছে জিটিএ সিক্সে কাজ করার মধ্য দিয়ে। গেমটির এন্ড ক্রেডিটেও আর্টিস্ট হিসেবে রয়েছে সালমান রহমান অন্তরের নাম।
নতুনদের জন্য সালমানের পরামর্শ
গেম ডিজাইন ও আর্টে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য সালমানের পরামর্শ, শুরুতেই মৌলিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাঁর মতে, প্রযুক্তি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা যতই উন্নত হোক, কাজের ভিত্তি শক্ত না হলে এই পেশায় এগিয়ে যাওয়া কঠিন।
নিজের দীর্ঘ পথচলার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, দক্ষতার পাশাপাশি নিয়মিত শেখা ও চর্চা চালিয়ে যাওয়াও জরুরি।
কালের আলো/এসএ/জেএন

-20261122113959.jpg)













-20261121140412.jpg)
-20261119145050.jpg)



