ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে কার্জন হল যেন ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য অধ্যায়। লাল ইটের বিশাল ভবন, দৃষ্টিনন্দন খিলান, গম্বুজযুক্ত প্যাভিলিয়ন আর অলংকৃত দেয়ালের প্রতিটি অংশে মিশে আছে ভিন্নধর্মী নির্মাণশৈলীর ছাপ। ইউরোপীয় স্থাপত্যের কাঠামোর সঙ্গে মোগল স্থাপত্যের নান্দনিক উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা এই ভবন শুধু সৌন্দর্যের জন্যই নয়, ঐতিহাসিক গুরুত্বের কারণেও বিশেষ পরিচিত। ভাষা আন্দোলনের সূচনাপর্বের গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষীও এই কার্জন হল।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৯০৪ সালে। তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নামানুসারে এর নামকরণ করা হয় কার্জন হল। শুরুতে টাউন হল হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে এর ব্যবহার পরিবর্তিত হয়। বঙ্গভঙ্গের ঘটনাপ্রবাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে ভবনটি প্রথমে ঢাকা কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ হিসেবে ব্যবহৃত হতে থাকে।
লাল ইটের ভবনে স্থাপত্যের বৈচিত্র্য
প্রশস্ত বাগানঘেরা এলাকায় দাঁড়িয়ে থাকা দ্বিতল কার্জন হলের নির্মাণশৈলীতে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। ভবনের মাঝখানে বিশাল কেন্দ্রীয় হল, দুই পাশে অসংখ্য কক্ষ ও বারান্দা। সামনের অংশের খিলান, অলংকৃত দেয়াল, গভীর ছাউনি এবং গম্বুজযুক্ত প্যাভিলিয়ন স্থাপনাটিকে দিয়েছে অনন্য রূপ।
কার্জন হলের স্থাপত্যে ইউরোপীয় ও মোগল রীতির সংমিশ্রণ বিশেষভাবে লক্ষণীয়। উত্তর দিকের সম্মুখভাগে অশ্বখুরাকৃতির ও খাঁজকাটা খিলানের ব্যবহার মোগল স্থাপত্যের প্রভাব তুলে ধরে। মোগল আমলের লাল বেলেপাথরের পরিবর্তে এখানে লাল ইট ও রঙের ব্যবহার করা হয়েছে। ভবনের অলংকৃত বন্ধনী, গভীর ছাউনি এবং গম্বুজযুক্ত প্যাভিলিয়নও এর নান্দনিকতা বাড়িয়েছে।
স্থাপত্যের এসব বৈশিষ্ট্য অনেকটা মনে করিয়ে দেয় মোগল সম্রাট আকবরের রাজধানী ফতেহপুর সিক্রির দিওয়ান-ই-খাসকে। ইউরোপীয় নির্মাণধারার সঙ্গে মোগল স্থাপত্যের উপাদান যুক্ত হওয়ায় কার্জন হল পেয়েছে স্বতন্ত্র পরিচয়।
স্থাপত্যের সঙ্গে জড়িয়ে ঔপনিবেশিক ইতিহাস
কার্জন হলের নির্মাণশৈলী শুধু নান্দনিকতার পরিচয় বহন করে না, এর সঙ্গে যুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাবনাও। ব্রিটিশ শাসকেরা মোগল সম্রাট আকবরকে সহিষ্ণু ও বিচক্ষণ শাসক হিসেবে বিবেচনা করত। তাঁর শাসনামলের স্থাপত্য ও ঐতিহ্যের উপাদান ব্যবহারের মাধ্যমে ভারতে নিজেদের শাসনকে ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরার প্রবণতা ছিল।
সে কারণে কার্জন হলের মতো স্থাপনায় ইউরোপীয় ও মোগল স্থাপত্যের সমন্বয়কে কেবল নকশার বৈচিত্র্য হিসেবে দেখার সুযোগ নেই। এর মধ্যে তৎকালীন শাসকদের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক চিন্তার প্রতিফলনও খুঁজে পাওয়া যায়।
ভাষা আন্দোলনের ইতিহাসের সাক্ষী
স্থাপত্যিক সৌন্দর্যের পাশাপাশি বাংলাদেশের ইতিহাসেও কার্জন হলের রয়েছে গুরুত্বপূর্ণ অবস্থান। ১৯৪৮ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন, ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’। তাঁর এই ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কার্জন হল প্রাঙ্গণে তীব্র প্রতিক্রিয়া জানান। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের ইতিহাসে এ ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে।
পরবর্তী সময়ে ভাষা আন্দোলনসহ নানা রাজনৈতিক ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে কার্জন হল হয়ে ওঠে শিক্ষার্থীদের প্রতিবাদ, অধিকার আদায় ও জাগরণের স্মৃতিবিজড়িত স্থান। এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস।
ঐতিহ্যের ধারক হয়ে আজও দাঁড়িয়ে
সময়ের সঙ্গে ঢাকার নগরচিত্রে এসেছে ব্যাপক পরিবর্তন। পুরোনো অনেক স্থাপনা হারিয়েছে তাদের স্বকীয়তা। কিন্তু কার্জন হল এখনো তার ঐতিহাসিক ও স্থাপত্যিক বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীদের কাছে এটি শিক্ষা ও গবেষণার পরিচিত পরিসর, আর স্থাপত্যপ্রেমীদের কাছে ইতিহাস ও নান্দনিকতার এক অনন্য নিদর্শন।
লাল ইটের দেয়াল, খিলানঘেরা বারান্দা ও গম্বুজের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে সময়ের নানা গল্প। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, মোগল স্থাপত্যের প্রভাব, শিক্ষার প্রসার এবং ভাষা আন্দোলনের স্মৃতি—সব মিলিয়ে কার্জন হল ঢাকার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। তাই এটি কেবল একটি পুরোনো ভবন নয়; বরং স্থাপত্য, শিক্ষা ও জাতীয় ইতিহাসের এক মূল্যবান ঐতিহ্য।
কালের আলো/এএএন/জেএন
