তাজা ফুলের সৌন্দর্য বাড়াতে কৃত্রিম রং ব্যবহারের প্রবণতা বাড়ছে। সাদা গোলাপ, পদ্ম, লিলিয়াম কিংবা চন্দ্রমল্লিকার মতো ফুলে স্প্রে করা হচ্ছে নানা রঙের আস্তরণ। এতে ফুল দেখতে আরও উজ্জ্বল ও আকর্ষণীয় হয়ে ওঠে। তবে ক্রেতাদের নজর কাড়ার এই কৌশলের আড়ালে রয়েছে স্বাস্থ্য ও পরিবেশের জন্য সম্ভাব্য ঝুঁকি।
ফুল বিক্রেতাদের মতে, শুধু সৌন্দর্য বাড়ানো নয়, ক্রেতাদের পছন্দ অনুযায়ী ভিন্ন রঙের ফুল তৈরি এবং পুরোনো ফুলকে সতেজ দেখাতেও কৃত্রিম রং ব্যবহার করা হয়। বিশেষ করে যেসব রঙের ফুল প্রাকৃতিকভাবে সহজে পাওয়া যায় না, সেসব ক্ষেত্রে রং স্প্রে করে চাহিদা পূরণের চেষ্টা করেন বিক্রেতারা।
কেন ফুলে কৃত্রিম রং ব্যবহার করা হয়
রাজধানীর আগারগাঁওয়ের ইত্যাদি পুষ্প কেন্দ্রের বিক্রেতা মো. নাঈমের ভাষ্য অনুযায়ী, ফুলে কৃত্রিম রং ব্যবহারের অন্যতম কারণ ক্রেতাদের আকৃষ্ট করা। হালকা বা উজ্জ্বল রঙের স্প্রে ব্যবহারে সাদা কিংবা ফিকে রঙের ফুলও দেখতে বর্ণিল ও চকচকে হয়ে ওঠে।
এ ছাড়া বিশেষ অনুষ্ঠান বা ফুলের তোড়ার জন্য নির্দিষ্ট রঙের ফুলের প্রয়োজন হলে কৃত্রিম রং ব্যবহার করা হয়। কারণ, সব মৌসুমে সব ধরনের রঙের ফুল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না।
পুরোনো বা নেতিয়ে পড়া ফুলকে নতুন ও সতেজ দেখানোর জন্যও রঙের আস্তরণ ব্যবহার করা হয় বলে জানান বিক্রেতারা। এতে ফুলের প্রকৃত অবস্থা আড়াল করে সহজে বিক্রি করার সুযোগ তৈরি হয়।
পদ্ম ও অন্যান্য ফুলে রঙের ব্যবহার
বিক্রেতাদের দাবি, পদ্মফুলের পাপড়ি দ্রুত নেতিয়ে পড়ায় এ ফুলে রং স্প্রে করার প্রবণতা বেশি। এ ছাড়া সাদা গোলাপ, চন্দ্রমল্লিকা ও লিলিয়াম ফুলেও কৃত্রিম রঙের ব্যবহার দেখা যায়।
ম্যাগনিফিশেন্ট টাচ ইভেন্ট অ্যান্ড ফ্লাওয়ার শপের স্বত্বাধিকারী মো. শরিফ ইসলাম জানান, চীন থেকে আমদানি করা কিছু চায়না মাম ও গোলাপের প্রজাতিতে আগে থেকেই কৃত্রিম রং স্প্রে করা থাকে। তাঁর দাবি, এসব ফুলের আয়ু বাড়াতেও ফরমালিন ব্যবহার করা হয়। তবে আমদানি করা সব ফুলে এ ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় কি না, তা নিশ্চিত নয়।
কৃত্রিম রং কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
মিরপুর বোটানিক্যাল গার্ডেনের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ উদ্ভিদবিজ্ঞানী মো. শামসুল হকের মতে, কৃত্রিম রাসায়নিক বা রং স্প্রে করা ফুল দেখতে আকর্ষণীয় হলেও এর ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।
এ ধরনের স্প্রেতে সিনথেটিক রং, দ্রাবক ও প্রোপেল্যান্ট রাসায়নিক থাকতে পারে। রঙের উপাদান ত্বকের সংস্পর্শে এলে কারও কারও অ্যালার্জি বা জ্বালাপোড়া হতে পারে। আবার স্প্রের রাসায়নিক গন্ধ শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে মাথাব্যথা কিংবা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। তবে ঝুঁকির মাত্রা নির্ভর করে ব্যবহৃত রাসায়নিকের ধরন, পরিমাণ ও সংস্পর্শের মাত্রার ওপর।
ফুল কেনার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
কৃত্রিম রং করা ফুল চেনার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে পারেন। পাপড়ির ওপর রঙের অসমান আস্তরণ, স্প্রে করা রঙের ফোঁটা কিংবা অস্বাভাবিক রাসায়নিক গন্ধ থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। তবে শুধু দেখে বা গন্ধ শুঁকে সব সময় কৃত্রিম রং শনাক্ত করা সম্ভব নয়।
উপহার হিসেবে রং করা ফুল পেলে তা নাকের খুব কাছে নিয়ে ঘ্রাণ নেওয়া থেকে বিরত থাকুন। ফুল ধরার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। ফুলের স্প্রে বা রাসায়নিকের সংস্পর্শে ত্বকে অস্বস্তি হলে দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলুন।
শুধু কৃত্রিম রং করা ফুল নয়, স্বাভাবিক ফুলের ক্ষেত্রেও ঘ্রাণ নেওয়ার সময় সতর্ক থাকা ভালো। কারণ, ফুলের পাপড়ির ভাঁজে ছোট পোকামাকড় বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত উপাদান থাকতে পারে।
ফুলের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যেন স্বাস্থ্যঝুঁকিতে পড়তে না হয়, সে জন্য কেনার সময় ফুলের রং, গঠন ও গন্ধের দিকে নজর দেওয়া জরুরি। বিশেষ করে অস্বাভাবিক উজ্জ্বল রং বা রাসায়নিক গন্ধযুক্ত ফুল ব্যবহারে সতর্ক থাকাই ভালো।
কালের আলো/এসএ/জেএন
