Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ফিচার ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৫:৫০ পিএম

তিনবার শয়তান দর্শন ও নরকের দরজা, মৃত্যুর পর প্রকাশ্যে পোপের ডায়েরির অজানা রহস্য!

ফিচার ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৫:৫০ পিএম

তিনবার শয়তান দর্শন ও নরকের দরজা, মৃত্যুর পর প্রকাশ্যে পোপের ডায়েরির অজানা রহস্য!

মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ডায়েরিতে তিনবার শয়তানকে দেখার অভিজ্ঞতার কথা লিখেছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। এমনকি এক রাতে ‘নরকের দরজা’ দেখার কথাও উল্লেখ করেছিলেন তিনি। সম্প্রতি তাঁর ব্যক্তিগত ডায়েরির নির্বাচিত অংশ নিয়ে প্রকাশিত একটি বইয়ে এসব তথ্য উঠে এসেছে। ডায়েরির এসব বিবরণ প্রকাশের পর পোপের আধ্যাত্মিক জীবন ও ব্যক্তিগত বিশ্বাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ডায়েরিতে উঠে এসেছে তিন দশকের ভাবনা
‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ নামের বইটি লিখেছেন আর্জেন্টিনার কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ। এতে ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরির বিভিন্ন অংশ স্থান পেয়েছে।

ডায়েরিতে তাঁর উদ্বেগ, অনুশোচনা, আত্মসমালোচনা, মানবিক অনুভূতি এবং ধর্মীয় বিশ্বাসের নানা দিক তুলে ধরা হয়েছে। ভ্যাটিকানের ধর্মীয় মতবাদবিষয়ক দপ্তর ‘ডিকাস্টেরি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথ’-এর প্রধান ফার্নান্দেজ জানান, কালো প্লাস্টিকের মলাটে বাঁধানো ডায়েরির ভাবনা ও অভিজ্ঞতাগুলো প্রকাশের দায়িত্ব পোপ ফ্রান্সিস নিজেই তাঁকে দিয়েছিলেন।

ডায়েরি প্রকাশের অনুমতি দেন পোপ লিও
গত বছর পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তাঁর উত্তরসূরি পোপ লিও চতুর্দশের কাছে বইটি প্রকাশের বিষয়টি তুলে ধরেন ফার্নান্দেজ। তাঁর আশঙ্কা ছিল, ডায়েরিটি কোনো গুদামে পড়ে থেকে একসময় বিস্মৃত হয়ে যেতে পারে।

পরে ডায়েরির নির্বাচিত অংশ প্রকাশের অনুমতি পান তিনি। ফার্নান্দেজের ভাষ্য, পোপ ফ্রান্সিসের হৃদয়ে থাকা আধ্যাত্মিক ভাবনাগুলো স্পষ্ট এবং মানুষের জন্য উপকারী হতে পারে।

তিনবার শয়তানকে দেখার দাবি
বইটির সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি হলো শয়তানকে তিনবার দেখার অভিজ্ঞতা নিয়ে পোপ ফ্রান্সিসের লেখা। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে তিনবার শয়তানকে দেখেছিলেন বলে তাঁর বিশ্বাস।

এর মধ্যে একবার বাড়ি ফেরার পথে গাড়ির ভেতর থেকে এবং আরেকবার একটি গির্জার উপাসনাকক্ষে প্রার্থনার সময় তাঁকে দেখার কথা লিখেছেন। তৃতীয় ঘটনাটি ঘটে চিলি সফরের পর রোমে।

বইটির ফরাসি সংস্করণের আগাম কপিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৪ জানুয়ারি ডায়েরিতে পোপ লিখেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন শয়তান নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কৌশলে মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

ভয়ংকর দৃষ্টির বর্ণনা ডায়েরিতে
প্রথম ঘটনার বর্ণনায় পোপ ফ্রান্সিস লেখেন, প্রায় ১৫ বছর আগে গাড়ির জানালা দিয়ে তিনি শয়তানকে দেখেছিলেন। তার চোখের দৃষ্টি ছিল একই সঙ্গে ভয়ংকর ও আকর্ষণীয়। সেই দৃষ্টি কখনো ভুলতে পারবেন না বলেও উল্লেখ করেন তিনি।

দ্বিতীয় ঘটনাটি ঘটে একটি কারমেলাইট উপাসনালয়ে। সেখানে শয়তানকে জ্বলন্ত চোখে তাঁর দিকে তাকিয়ে থাকতে দেখার কথা লেখেন পোপ। তাঁর বর্ণনা অনুযায়ী, সেই দৃষ্টি আগের ঘটনার চেয়েও তীব্র ছিল। মনে হচ্ছিল, চোখ থেকে আগুনের ঝলক বের হচ্ছে।

তৃতীয় ঘটনাটি ঘটে চিলি সফরের পর রোমে একটি বৈঠকের সময়। পোপের দাবি, সেদিন তিনি শয়তানকে দেখার পাশাপাশি তার কণ্ঠস্বরও শুনেছিলেন। কণ্ঠস্বরটি ছিল বিজয়ীর মতো, যেন সবকিছুর ওপর তার নিয়ন্ত্রণ রয়েছে। সেই কণ্ঠের কর্কশ ও শক্তিশালী আওয়াজও তিনি ভুলতে পারেননি। তবে এসব অভিজ্ঞতা থেকে মুক্তির সুযোগ সৃষ্টিকর্তা তাঁকে দিয়েছিলেন বলে ডায়েরিতে উল্লেখ করেন।

‘নরকের দরজা’ দেখার অভিজ্ঞতাও লিখেছিলেন
শুধু শয়তানকে দেখার অভিজ্ঞতাই নয়, ডায়েরিতে আরও একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখেছিলেন পোপ ফ্রান্সিস। ২০১৮ সালের ৭ জুনের একটি নোটে তিনি আগের রাতের ঘটনার উল্লেখ করেন।

সেখানে পোপ লেখেন, ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন। তবে সেই অভিজ্ঞতার বিস্তারিত ব্যাখ্যা ডায়েরির প্রকাশিত অংশে তুলে ধরা হয়নি।

পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরির এসব বিবরণ প্রকাশের মধ্য দিয়ে তাঁর ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক উপলব্ধি এবং ব্যক্তিগত চিন্তাজগতের অজানা কিছু দিক সামনে এসেছে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!