উপকূলীয় জেলা পটুয়াখালীর বুকে আজও দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরোনো এক ঐতিহাসিক স্থাপনা। নাম শ্রীরামপুর জমিদার বাড়ি। একসময় জমিদারি শাসন, ঐশ্বর্য, ক্ষমতা ও প্রভাবের কেন্দ্র ছিল বাড়িটি। সময়ের পরিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, হারিয়ে গেছে অনেক স্থাপনার জৌলুশ। তবে পুরোনো প্রাসাদ, কারুকার্যখচিত ফটক, মসজিদ, কবর ও রহস্যময় ‘আন্দার কিল্লা’ আজও বহন করছে অতীতের নানা স্মৃতি। জমিদারদের ক্ষমতা ও শাসনের পাশাপাশি শোষণ-নির্যাতনের যেসব কাহিনী স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত, সেগুলোও ঘিরে রেখেছে এই ঐতিহাসিক বাড়িকে।
পটুয়াখালী জেলা শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত শ্রীরামপুর জমিদার বাড়ি। মুঘল স্থাপত্যশৈলীর নিদর্শনসমৃদ্ধ এ স্থাপনাটি শুধু একটি পুরোনো প্রাসাদ নয়, বরং এ অঞ্চলের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক। স্থানীয় প্রবীণ বাসিন্দাদের বংশপরম্পরায় প্রচলিত বর্ণনা থেকে জমিদার বাড়ির ইতিহাস ও নানা লোককাহিনীর কথা জানা যায়।
নবাবের আমল থেকে জমিদারির সূচনা

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, বাংলার প্রথম নবাব মুর্শিদকুলী খানের শাসনামলে (১৭০০-১৭২৭) শ্রী শিব প্রসাদ মুখোপাধ্যায় ও শ্রী ভব প্রসাদ মুখোপাধ্যায় নামে দুই ভাই নবাবের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তাঁদের ঘিরেই শ্রীরামপুর জমিদারির ইতিহাসের সূচনা বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে।
কথিত আছে, শিব প্রসাদ নবাবের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাঁর নাম হয় শিবল খাঁ। এতে সন্তুষ্ট হয়ে নবাব তাঁকে একটি ভাঁটার আওতায় যত দূর যাওয়া সম্ভব, তত দূর পর্যন্ত জমি এবং ‘মিয়া’ উপাধি প্রদান করেন। পরবর্তী সময়ে শিবল খাঁর ছেলে কালে খাঁ জমিদারি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কালে খাঁ বরিশালের বাকেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৫৬টি মৌজায় জমিদারি প্রতিষ্ঠা করেন। এসব এলাকার জমিদারি কার্যক্রম পরিচালিত হতো শ্রীরামপুরের এই বাড়ি থেকেই। জমিদারির অধীন প্রতিটি মৌজায় একটি করে দীঘি ও মসজিদ নির্মাণ করা হয়েছিল বলেও প্রচলিত রয়েছে। বিভিন্ন এলাকায় সেসব দীঘি ও মসজিদের কিছু নিদর্শন এখনো টিকে আছে।
কারুকার্যখচিত ফটক পেরোলেই পুরোনো প্রাসাদ

জমিদার বাড়ির প্রবেশপথে রয়েছে কারুকার্যখচিত একটি পুরোনো ফটক। ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে একাধিক প্রাচীন প্রাসাদ। স্থাপনাগুলোর দেয়াল, নকশা ও নির্মাণশৈলীতে ফুটে উঠেছে তৎকালীন স্থাপত্যরীতির পরিচয়।
সময়ের সঙ্গে অনেক স্থাপনার অবস্থা বদলে গেলেও এখনো বাড়িটির বিভিন্ন অংশে পুরোনো নির্মাণশৈলীর ছাপ রয়েছে। এসব স্থাপনা দেখে সহজেই অনুমান করা যায়, একসময় বাড়িটি কতটা জাঁকজমকপূর্ণ ছিল। জমিদারদের বসবাস, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় শাসনব্যবস্থার নানা স্মৃতি জড়িয়ে রয়েছে এই প্রাসাদকে ঘিরে।
আন্দার কিল্লা: অন্ধকার কূপের রহস্য
জমিদার বাড়ির সবচেয়ে আলোচিত স্থাপনাগুলোর একটি ‘আন্দার কিল্লা’। স্থানীয়ভাবে এটি অন্ধকার কূপ নামে পরিচিত। স্থাপনাটি ঘিরে এলাকায় প্রচলিত রয়েছে ভয়াবহ সব কাহিনী।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪০ ফুট প্রস্থের এ স্থাপনায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০টি কক্ষ ছিল। চারদিকে প্রাচীরঘেরা কূপটির বিভিন্ন কক্ষে অপরাধীদের আটকে রাখা হতো এবং সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বলে জনশ্রুতি রয়েছে।
স্থানীয়দের মুখে প্রচলিত এসব কাহিনী জমিদার আমলের কঠোর শাসন ও নির্যাতনের স্মৃতি হিসেবে বিবেচিত হয়। তবে এসব ঘটনার ঐতিহাসিক সত্যতা যাচাইয়ে প্রামাণ্য দলিল ও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান প্রয়োজন। সময়ের সঙ্গে কূপটি ভরাট হয়ে গেলেও এর প্রাচীরের কিছু অংশ এখনো টিকে আছে। ফলে স্থাপনাটির অতীত অবয়ল সম্পর্কে ধারণা পাওয়া যায়।
মসজিদ ও পাশাপাশি দুটি কবর

জমিদার বাড়ির আশপাশেও ছড়িয়ে রয়েছে বেশ কিছু পুরোনো স্থাপত্য নিদর্শন। বাড়ির কাছেই রয়েছে কারুকার্যখচিত একটি প্রাচীন মসজিদ। স্থানীয় মুসল্লিরা এখনো সেখানে নিয়মিত নামাজ আদায় করেন। পুরোনো নির্মাণশৈলী ও স্থাপত্যের বৈশিষ্ট্যের কারণে মসজিদটি এলাকার ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে।
মসজিদের অদূরেই রয়েছে জমিদার কালে খাঁ ও তাঁর স্ত্রী জুলেখার পাশাপাশি দুটি কবর। মুঘল স্থাপত্যরীতিতে নির্মিত কবর দুটির নকশা ও গম্বুজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। জমিদার পরিবারের স্মৃতিবিজড়িত এ সমাধিগুলোও বাড়িটির ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।
পুরোনো সেতুতে যোগাযোগব্যবস্থার স্মৃতি
জমিদার বাড়ি থেকে বের হওয়ার পথে দেখা যায় গম্বুজ আকৃতির একটি পুরোনো সেতু। বর্তমানে সেতুটির নিচে নদী কিংবা খালের অস্তিত্ব নেই। তবে এর নির্মাণশৈলী অতীতের যোগাযোগব্যবস্থা ও স্থাপত্য ঐতিহ্যের স্মৃতি বহন করছে।
সেতুটি একসময় কী উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ঐতিহাসিক তথ্য পাওয়া না গেলেও স্থানীয়দের কাছে এটি জমিদার আমলের একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে পরিচিত। বাড়ি, মসজিদ, কবর ও সেতু—সব মিলিয়ে পুরো এলাকাটিই যেন অতীতের একটি স্থাপত্য-ইতিহাসের সংকলন।
সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে পারে ঐতিহ্য
কালের পরিক্রমায় জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে। বদলে গেছে শাসনব্যবস্থা ও মানুষের জীবনযাত্রা। দীর্ঘ সময়ের প্রভাবে জমিদার বাড়ির অনেক স্থাপনার মূল অবয়বও হারিয়ে গেছে। অথচ যথাযথ সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হলে শ্রীরামপুর জমিদার বাড়ি হতে পারে পটুয়াখালীর অন্যতম ঐতিহাসিক পর্যটনকেন্দ্র।
স্থানীয় বাসিন্দাদের মতে, স্থাপনাগুলো সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি বাড়িটির ইতিহাস, জমিদার পরিবারের পরিচয়, স্থাপত্যশৈলী এবং প্রচলিত লোককাহিনী নিয়ে গবেষণা করা প্রয়োজন। এতে একদিকে যেমন ঐতিহাসিক তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হবে, অন্যদিকে নতুন প্রজন্মও জানতে পারবে এ অঞ্চলের অতীত ইতিহাস ও ঐতিহ্য।
প্রায় ৩০০ বছরের পুরোনো শ্রীরামপুর জমিদার বাড়ি এখনো দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। এর প্রতিটি স্থাপনা যেন অতীতের কোনো না কোনো অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়। যথাযথ উদ্যোগ নেওয়া গেলে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য শুধু সংরক্ষিতই হবে না, বরং পটুয়াখালীর পর্যটন ও ইতিহাসচর্চায় নতুন সম্ভাবনাও তৈরি করতে পারে।
কালের আলো/এসএ/এমএসআইপি
