Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ফিচার ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:৫৪ পিএম

১১৪ বছর পর নিলামে টাইটানিকের বিমা নথি

ফিচার ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:৫৪ পিএম

১১৪ বছর পর নিলামে টাইটানিকের বিমা নথি

১৯১২ সালের ১৪ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের সঙ্গে সংঘর্ষে ডুবে যায় বিশ্বের অন্যতম বিলাসবহুল প্রমোদতরী আরএমএস টাইটানিক। ভয়াবহ সেই দুর্ঘটনার ১১৪ বছর পর আবারও আলোচনায় জাহাজটি। এবার নিলামে উঠতে যাচ্ছে টাইটানিকের মূল কাঠামোর একটি বিরল বিমা নথি, যা জাহাজটির দুর্ঘটনার আগের আর্থিক ও আইনি প্রস্তুতির গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের নিলাম প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সন আগামী ২১ নভেম্বর ঐতিহাসিক নথিটি নিলামে তুলবে। আমেরিকাভিত্তিক আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানির স্বাক্ষরিত এই বিমা পলিসিতে টাইটানিকের ট্রায়াল রান এবং সাউদাম্পটনে যাত্রার ঝুঁকি অন্তর্ভুক্ত ছিল। বিরল নথিটির সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০ হাজার থেকে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫০ থেকে ৭৫ লাখ টাকা।

নথিতে ছিল নিরাপত্তা ও ক্ষতিপূরণের শর্ত
নথি বিশ্লেষণে দেখা যায়, ১৯১২ সালের ২৭ মার্চ চুক্তিটিতে স্বাক্ষর করা হয়েছিল। এতে জাহাজটির নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়। এমনকি যাত্রীবাহী আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই জাহাজটির কোনো ক্ষতি হলে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, তারও সুনির্দিষ্ট উল্লেখ ছিল।

সামুদ্রিক আইনি ইতিহাসের দৃষ্টিতে নথিটি বিশেষ গুরুত্বপূর্ণ। টাইটানিকের আর্থিক প্রস্তুতি ও বিমা-সংক্রান্ত ব্যবস্থার বিরল প্রমাণ হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।

বিমা কোম্পানির উত্থান-পতন
টাইটানিকের বিমা নথিতে স্বাক্ষরকারী আটলান্টিক মিউচুয়াল একসময় উত্তর আমেরিকার বৃহত্তম বিমা প্রতিষ্ঠানগুলোর একটি ছিল। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর বিপুল পরিমাণ বিমা দাবি কোম্পানিটিকে আর্থিক সংকটে ফেলে। পরবর্তী সময়ে ২০১১ সালে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল হয় এবং কোম্পানিটির কার্যক্রম বিলুপ্ত হয়ে যায়।

ক্ষতিপূরণ নিয়ে ছিল বৈষম্যের অভিযোগ
টাইটানিকের বিমা নথির ইতিহাসে আর্থিক হিসাবের পাশাপাশি উঠে এসেছে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের বিষয়টিও। নথি বিশ্লেষণ অনুযায়ী, জাহাজটি ডুবে যাওয়ার মাত্র ৩০ দিনের মধ্যে এর মালিক প্রতিষ্ঠান বিমার সম্পূর্ণ অর্থ পেয়ে যায়। অন্যদিকে, দুর্ঘটনায় প্রাণ হারানো দেড় হাজারের বেশি যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণের জন্য বছরের পর বছর আইনি লড়াই করতে হয়েছিল।

দীর্ঘ সময় পর নিলামে উঠতে যাওয়া এই নথি তাই শুধু টাইটানিকের বিমা-সংক্রান্ত ইতিহাস নয়, সেই সময়ের সামুদ্রিক বাণিজ্য, আইনি ব্যবস্থা ও ক্ষতিপূরণপ্রক্রিয়ারও একটি গুরুত্বপূর্ণ দলিল। সূত্র: বিবিসি

কালের আলো/এসএ/জেএন

Link copied!