Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৪:৫১ পিএম

এলডিসি উত্তরণেও ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৪:৫১ পিএম

এলডিসি উত্তরণেও ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণ নিশ্চিত করতে এ সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এ আগ্রহের কথা জানায় কানাডা।

সভায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫ সালে প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে। দুই দেশের মধ্যে পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

আলোচনায় কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্ব পায়। পাশাপাশি এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর জোর দেন উভয় দেশের প্রতিনিধিরা।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডার দীর্ঘদিনের ভূমিকার বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়। কানাডার পক্ষ থেকে জানানো হয়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে দেশটি।

এ ছাড়া গত অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তা ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়। অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উদ্ভাবনে এ সহায়তা ভূমিকা রাখবে বলে জানানো হয়।

বৈঠকে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু স্থান পায়।

রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে কানাডা। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা দিয়েছে দেশটি।

রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা।

এ ছাড়া গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দুই পক্ষ জানায়, রোহিঙ্গা সংকট মোকাবিলার প্রচেষ্টায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

বৈঠক শেষে অর্থনৈতিক, উন্নয়ন, বহুপক্ষীয় ও ভূরাজনৈতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বাংলাদেশ ও কানাডা।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!