জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা অভিযোগের পর এবার পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। সানায়া আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এই অভিনেত্রী। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ভিডিওতে মানহানিকর মন্তব্যের অভিযোগ
তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ নভেম্বর সানায়া আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিনেত্রী।
মামলায় সানায়া আনাম ওয়াফিকাহকে এক নম্বর এবং ফাতেমা তুজ জোহরাকে দুই নম্বর আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী। মামলার বিষয়ে তানজিন তিশা জানিয়েছেন, এ বিষয়ে যা বলার তাঁর আইনজীবী বলবেন।
তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন
অন্যদিকে, হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন সানায়া আনাম ওয়াফিকাহ।
গত ২৩ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়। তবে সেদিন আবেদনটির শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর এ আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
দুই পক্ষের পাল্টাপাল্টি আইনি পদক্ষেপে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে মামলার অভিযোগ ও আবেদনের বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
কালের আলো/এসএ/জেএন


-20261124114621.jpg)

-20261124112249.jpg)






-20261121140412.jpg)







