প্রায় তিন মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ৮৫ দিনের এই সফরে ১৭টি স্টেজ শো করেছেন তিনি। নিজের ১৮ বছরের সংগীতজীবনে এটিই তাঁর সবচেয়ে দীর্ঘ সংগীতসফর। দেশে ফিরেই নতুন গান প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই গায়ক। পাশাপাশি সিনেমা, অডিও ও নাটকের জন্য নতুন গান তৈরির কাজেও ব্যস্ত সময় পার করছেন তিনি।
নতুন গানে ভিন্ন ধারার পরীক্ষা
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ‘সখী মন বুঝলা না’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন ইমরান। প্রকাশের মাত্র ১০ দিনের মধ্যে গানটির ইউটিউব ভিউ প্রায় ৪০ লাখে পৌঁছেছে। এবার প্রচলিত ধারার বাইরে গিয়ে লোকগানের সঙ্গে ইলেকট্রনিক সংগীতের মেলবন্ধন ঘটিয়েছেন তিনি।
ইমরানের ভাষ্য, সাধারণত সিনেমার গানে কাজ করার সময় চলচ্চিত্রের আবহ ও গল্পকে গুরুত্ব দেন তিনি। তবে নতুন গানটি তৈরি করেছেন তরুণ প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে। বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। শ্রোতাদের মন্তব্যেও নতুন ধরনের সংগীত আয়োজনের প্রশংসা পাচ্ছেন বলে জানান এই শিল্পী।
৮৫ দিনে ১৭ স্টেজ শো
১৮ বছরের সংগীতজীবনে এবারই সবচেয়ে দীর্ঘ সফর করলেন ইমরান। ৮৫ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে অংশ নিয়েছেন ১৭টি স্টেজ শোতে। এর আগে ২০২৩ সালে দেশটিতে সফর করে ১০টি অনুষ্ঠানে গান করেছিলেন তিনি।
এবারের পরিবেশনাতেও ছিল ভিন্ন আয়োজন। স্টেজ শোর জন্য পরিচিত গানগুলোর সংগীতায়োজন নতুনভাবে তৈরি করে নিয়েছিলেন। দর্শকদের কাছ থেকে সেই পরিবেশনার ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।
সফরে নতুন প্রজন্মের শ্রোতাদের উপস্থিতিও তাঁকে ভাবিয়েছে। পুরোনো ভক্তদের পাশাপাশি অনেক তরুণ ও শিশুকেও অভিভাবকদের সঙ্গে অনুষ্ঠানে আসতে দেখেছেন। এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও গান তৈরির আগ্রহ বেড়েছে তাঁর।
তরুণদের জন্য আসছে আরও নতুন গান
যুক্তরাষ্ট্র থেকে ফিরে নতুন পরিকল্পনা সাজিয়েছেন ইমরান। তরুণ শ্রোতাদের লক্ষ্য করে গ্রুভি ধাঁচের আরও তিন-চারটি গান তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। এর মধ্যে প্রথম গানটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বাকি গানগুলোর কাজও চলছে।
এদিকে সিনেমা, অডিও অ্যালবাম ও নাটকের গান নিয়েও ব্যস্ততা রয়েছে এই সংগীতশিল্পীর। সব মিলিয়ে বিভিন্ন মাধ্যমে প্রায় অর্ধডজন গানের কাজ করছেন তিনি। সিনেমার গান নিয়ে আগেভাগে বিস্তারিত জানাতে চান না ইমরান। কারণ, মুক্তির আগে গানের ধরন কিংবা চূড়ান্ত সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।
অরিজিৎ ও শ্রেয়ার সঙ্গে কাজের স্বপ্ন
দীর্ঘ ১৮ বছরের সংগীতজীবনে অনেক শিল্পী ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন ইমরান। পেয়েছেন শ্রোতাদের ভালোবাসা ও জনপ্রিয়তা। তবে এখনো নিজেকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করেন বলে জানান তিনি।
আন্তর্জাতিক সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছাও রয়েছে তাঁর। বিশেষ করে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের সঙ্গে গান গাওয়ার স্বপ্ন দেখেন ইমরান। অরিজিৎ সিংয়ের গান তাঁকে কঠিন সময়ে অনুপ্রেরণা দেয় বলেও জানিয়েছেন তিনি।
প্রেমের গল্পে ব্যক্তিগত ইমরান
রোমান্টিক গান দিয়ে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন ইমরান। তাঁর গাওয়া প্রেমের গান অনেকের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে মিশে আছে। তবে বাস্তব জীবনে তিনি কতটা রোমান্টিক—এমন প্রশ্নে হাসতে হাসতে জানান, বিষয়টি তাঁর প্রেমিকার কাছ থেকেই জানা ভালো।
নিজের জীবনে প্রেমিকা একজনই বলে উল্লেখ করে ইমরান বলেন, তাঁর সঙ্গেই জীবন বেঁধেছেন। ভবিষ্যতে কোনো সাক্ষাৎকারে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে হয়তো উত্তর পাওয়া যাবে।
কালের আলো/এসএ/টিসি

















-20261124163219.jpg)


