একটি বিয়ের আমন্ত্রণপত্র ঘিরেই নতুন করে আলোচনায় টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কার্ডটিতে বর-কনের প্রতীকী ছবির পাশাপাশি দেখা গেছে তাঁর তিন পোষা কুকুর—চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুকে। এরপর থেকেই প্রশ্ন উঠছে, সত্যিই কি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী? আগামী ডিসেম্বরে কি বসছেন বিয়ের পিঁড়িতে? পাত্র কে, কবে থেকে তাঁদের সম্পর্ক—এমন নানা কৌতূহল ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।
তবে এত আলোচনা ও গুঞ্জনের মধ্যেও নিজের অবস্থান পরিষ্কার করেননি মিমি। বিয়ের কার্ড নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘কার কার্ডের কথা বলছেন?’ তাঁর এই রহস্যময় উত্তর বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনো বিয়ের খবর নিশ্চিত করা হয়নি।
সিদ্ধার্থ দত্তকে ঘিরে বিয়ের গুঞ্জন
প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মিমি। গুঞ্জন অনুযায়ী, ২৬ নভেম্বর আইনি বিয়ে এবং ডিসেম্বরে মূল অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিয়ের আয়োজন ভারতের পাহাড়ি শহর কালিম্পংয়ে হতে পারে বলেও খবর প্রকাশিত হয়েছে।
তবে এসব তথ্যের কোনোটিই এখনো মিমি নিজে নিশ্চিত করেননি। ফলে বিয়ের তারিখ, অনুষ্ঠান কিংবা পাত্রের পরিচয়—সবকিছুই আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে।
বিয়ের কার্ডে কেন তিন পোষ্য?
বিয়ের কার্ডের নকশায় বর-কনের প্রতীকী ছবির সঙ্গে তিনটি পোষা কুকুরের উপস্থিতি নজর কেড়েছে। মিমির কাছে তাঁর পোষ্যরা পরিবারের সদস্যের মতোই। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই তাদের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী।
আগে একাধিকবার জীবনসঙ্গী নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন মিমি। তাঁর মতে, সঙ্গীকে ভালো মানুষ হতে হবে, ভালো বন্ধু হতে হবে, ভ্রমণ পছন্দ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাঁর পোষ্যদেরও ভালোবাসতে হবে। ২০২৩ সালের শেষ দিকে অবশ্য তিনি জানিয়েছিলেন, তখন বিয়ে তাঁর অগ্রাধিকারের তালিকায় ছিল না। সময়ের সঙ্গে সেই ভাবনায় পরিবর্তন এসেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
পুপে থেকে টালিউডের পরিচিত মুখ
জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা মিমি চক্রবর্তীর অভিনয়জীবনের শুরু মডেলিং দিয়ে। তবে ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপে চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। চরিত্রটির মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়ার পর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। একই বছর ‘বোঝে না সে বোঝে না’ ছবিতেও অভিনয় করেন।
এরপর ‘প্রলয়’, ‘জামাই ৪২০’, ‘পোস্ত’, ‘গ্যাংস্টার’, ‘ক্রিসক্রস’, ‘খেলা যখন’ ও ‘রক্তবীজ’-এর মতো ছবিতে কাজ করেছেন মিমি। চরিত্রের বৈচিত্র্য এবং অভিনয়ের ধরন বদলে নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি। ২০২৫ সালে ‘রক্তবীজ ২’-এ পুলিশ কর্মকর্তা সংযুক্তা মিত্রের চরিত্রে অভিনয় করেন। ২০২৬ সালে তাঁকে দেখা গেছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে।
অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বদলেছে ভাবনা
অভিনয়জীবনে নিজের সিদ্ধান্ত ও ব্যক্তিগত সীমারেখা নিয়েও আলোচনায় এসেছেন মিমি। একসময় সৃজিত মুখার্জির ‘চতুষ্কোণ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। চরিত্রের প্রয়োজনে খোলামেলা পোশাক ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের বিষয়টি নিয়ে তখন তাঁর দ্বিধা ছিল।
তবে সময়ের সঙ্গে অভিনয় নিয়ে তাঁর ভাবনায় পরিবর্তন এসেছে। পরে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, চরিত্র ও চিত্রনাট্যের প্রয়োজনে কোনো দৃশ্য গুরুত্বপূর্ণ হলে তাতে অভিনয় করতে আপত্তি নেই। তাঁর কাছে গল্পের প্রয়োজনীয়তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রাজনীতি থেকে আবার অভিনয়ে
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে সংসদ সদস্যের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। এরপর অভিনয়েই বেশি মনোযোগী হতে দেখা যায় তাঁকে।
বাংলাদেশের দর্শকের কাছেও মিমির পরিচিতি রয়েছে। শাকিব খানের বিপরীতে ‘তুফান’ ছবিতে অভিনয়ের পর দুই বাংলার দর্শকের মধ্যে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। ছবিটির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়াধুরা’ গানও ব্যাপক আলোচিত হয়েছিল।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নিজের মতো থাকতে পছন্দ করেন মিমি। তাই বিয়ের কার্ড, পাত্রের পরিচয় কিংবা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নিয়ে যতই আলোচনা হোক, তাঁর কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই। আপাতত রহস্যের কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী নিজেই।
কালের আলো/এসএ/টিসি











-20261121140412.jpg)








