Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৩:১৬ পিএম

শেখ হাসিনার বিচার ও নাশকতা প্রতিরোধে রাজনৈতিক ঐক্যের আহ্বান দুলুর

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৩:১৬ পিএম

শেখ হাসিনার বিচার ও নাশকতা প্রতিরোধে রাজনৈতিক ঐক্যের আহ্বান দুলুর

শেখ হাসিনা দেশে ফিরলে দেশের বিভিন্ন সীমান্তে লাখো মানুষ তাঁর জন্য অপেক্ষা করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির আদেশ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সীমান্তে অবস্থান করবে।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রকাশ্যে বিচারের দাবি

দুলু বলেন, যার নির্দেশে ১ হাজার ৮০০ ছাত্র, শ্রমিক, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে, দেশের মাটিতে তাঁর বিচার হতেই হবে।

তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরলে সোনামসজিদ, যশোর, লালমনিরহাট, জয়পুরহাট ও বাংলাবান্ধাসহ বিভিন্ন সীমান্তে লাখো মানুষ তাঁকে গ্রহণের জন্য অপেক্ষা করবে।

জেলখানার ভেতরে নয়, ঢাকা স্টেডিয়ামে জনতার সামনে প্রকাশ্যে বিচারের দাবিও জানান তিনি।

গত ১৫ বছরে নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুসহ তাঁর ১০ জন নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যার অভিযোগ করেন দুলু। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে তাঁকে আটকে রাখা হয়েছিল এবং তাঁর স্ত্রীর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল।

ওই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে খালেদা জিয়াকে ক্ষমতায় আসার প্রস্তাব দেওয়া হলেও তিনি শর্ত মেনে ক্ষমতা নিতে রাজি হননি বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

নির্বাচন ও নাশকতা নিয়ে অভিযোগ

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে দুলু বলেন, দীর্ঘ ২০ থেকে ২২ বছর পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। স্বাধীনতার পর এই প্রথম কোনো ধরনের সংঘাত ও প্রাণহানি ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের সময়ে লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ তুলে দুলু বলেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো বন্ধ হয়নি। এসব ব্যবসার আয় ও ভাড়ার টাকা প্রতি মাসে ভারতে পাঠানো হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ওই অর্থ দিয়ে দেশে ককটেল ও বোমা হামলা এবং গাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতা চালানো হচ্ছে।

এ বিষয়ে প্রশাসন ও পুলিশকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে দুলু বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন এবং ঢাকার যানজটসহ নাগরিক সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন। এসব উদ্যোগ বাধাগ্রস্ত করতে নতুন করে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি।

রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জামায়াতে ইসলামী, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুলু।

উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এছাহাক আলীর সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্বাস আলী। এতে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য খোন্দকার আকবর হোসেন, আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য নাছিমা ইসলাম চৌধুরী এবং ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!