Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৭:৪১ পিএম

বিশ্বসুন্দরীর মঞ্চে প্রথম বাংলাদেশি প্রতিনিধি কে ছিলেন?

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৭:৪১ পিএম

বিশ্বসুন্দরীর মঞ্চে প্রথম বাংলাদেশি প্রতিনিধি কে ছিলেন?

একসময় বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছিলেন সাথী বিলকিস ইয়াসমীন। এরপর চলচ্চিত্রে অভিনয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ—সব মিলিয়ে বিনোদন অঙ্গনে তৈরি হয়েছিল তাঁর পরিচিতি। কিন্তু হঠাৎ করেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। প্রায় ২০ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে নেই এই অভিনেত্রী। বর্তমানে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন সাথী। তাঁর জীবনের সেই পুরোনো অধ্যায়, চলচ্চিত্রে আসা-যাওয়া এবং বর্তমান ব্যস্ততা নিয়ে সম্প্রতি কথা বলেছেন তিনি।

১৯৯৪ সালে ঢাকার গুলশানের বাসায় টেলিভিশনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা দেখছিলেন সাথী। পর্দায় প্রতিযোগীদের দেখে মুগ্ধ হয়ে অনুষ্ঠান দেখছিলেন তিনি। এ সময় পড়াশোনায় মনোযোগ দিতে মায়ের বকুনি শুনতে হয় তাঁকে। মাকে মজা করে বলেছিলেন, একদিন তাঁকেও বিশ্বসুন্দরীর মঞ্চে দেখা যাবে। সেই কথার বাস্তব রূপ আসে পরের বছরই। ১৯৯৫ সালে বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসেবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

মায়ের বকুনি থেকে বিশ্বসুন্দরীর মঞ্চে
১৯৯৪ সালে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে এ লেভেল পরীক্ষা শেষ করে কোচিং করছিলেন সাথী। পরের বছর পত্রিকায় লন্ডনের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ঢাকায় ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতা আয়োজনের বিজ্ঞাপন দেখে আগ্রহী হন তিনি। প্রতিযোগিতায় অংশ নিতে জীবনবৃত্তান্ত পাঠানোর কথা জানতে পেরে মায়ের কাছে অনুমতি চান সাথী। তবে মডেলিং সম্পর্কে ধারণা না থাকায় প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন তাঁর মা ইয়াসমিন মতিন।

তিন বোনের মধ্যে বড় সাথীর কয়েকটি ছবি তুলে দেন মেজ বোন সাবা রেজা। পেশাদার সাজসজ্জা ছাড়াই সামান্য লিপস্টিক ও মাসকারা ব্যবহার করে ছবি তোলেন তিনি। সঙ্গে লিখেছিলেন, কেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান।

প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর সাক্ষাৎকারের জন্য ডাক পান সাথী। প্রস্তুতি নিতে বাংলাদেশের ইতিহাস, বিভিন্ন দেশের পরিস্থিতি ও সাধারণ জ্ঞান সম্পর্কে পড়াশোনা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মগবাজারের একটি চায়নিজ রেস্টুরেন্টে প্রায় এক ঘণ্টা ধরে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীসহ নানা বিষয়ে প্রশ্ন করা হয়।

১৯৯৫ সালে ঢাকার ঈশা খাঁ হোটেলে অনুষ্ঠিত হয় ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। মঞ্চের পেছন থেকে বিপুলসংখ্যক দর্শক দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন সাথী। মাকে জানিয়েছিলেন, এত মানুষের সামনে যেতে চান না। কিন্তু মা তাঁকে মনে করিয়ে দেন, এত দূর যখন এসেছেন, নিজের ইচ্ছা পূরণ করেই ফিরতে হবে। শেষ পর্যন্ত মঞ্চে উঠে বিচারকদের প্রশ্নের উত্তর দেন তিনি। একপর্যায়ে নির্বাচিত হন ‘মিস বাংলাদেশ’।

সেদিনের প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সাংবাদিক রাহাত খান, শফিক রেহমান, লেখক সৈয়দ শামসুল হক ও সংগীতশিল্পী ইয়াসমীন মুশতারী।

মঞ্চে ঐশ্বরিয়া, সামনে নেলসন ম্যান্ডেলা
১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সাথী। তাঁর কাছে সেই আয়োজনের অন্যতম স্মরণীয় ঘটনা নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ। প্রতিযোগিতার মঞ্চে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়ার সময় ম্যান্ডেলার সঙ্গে করমর্দনের সুযোগ হয় তাঁর।

তখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ম্যান্ডেলা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। বিশ্বজুড়ে পরিচিত একজন রাষ্ট্রনেতা বাংলাদেশের খোঁজখবর নিচ্ছেন—বিষয়টি তাঁকে বিস্মিত ও আনন্দিত করেছিল।

ম্যান্ডেলার জীবনসংগ্রামও সাথীকে অনুপ্রাণিত করেছিল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একজন মানুষের দেশের নেতৃত্বে পৌঁছানোর গল্প থেকে ধৈর্য, সাহস ও মানুষের জন্য কাজ করার গুরুত্ব উপলব্ধি করেছিলেন তিনি।

বিশ্বসুন্দরীর মঞ্চে বলিউড তারকা অমিতাভ বচ্চনের সঙ্গেও দেখা হয়েছিল সাথীর। অমিতাভ তাঁকে প্রশ্ন করেছিলেন, বিশ্বসুন্দরী হলে দেশের জন্য কী করবেন। উত্তরে সাথী জানিয়েছিলেন, শিশুদের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। তবে বড় পরিবর্তন আনতে সরকার, সমাজ ও বিভিন্ন পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন তিনি।

১৯৯৪ সালের বিশ্বসুন্দরী বিজয়ী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গেও পরিচয় হয়েছিল সাথীর। ঐশ্বরিয়া তাঁকে বলেছিলেন, দূর থেকে দেখতে তাঁর চেহারায় সুস্মিতা সেনের মিল খুঁজে পেয়েছেন। সুস্মিতা সেন সাথীর প্রিয় অভিনেত্রী হওয়ায় ঐশ্বরিয়ার মুখে এমন মন্তব্য শুনে বেশ অনুপ্রাণিত হয়েছিলেন তিনি।

প্রতিযোগিতার পোশাক ও সাজসজ্জার প্রস্তুতিতেও বড় ভূমিকা ছিল তাঁর মা ইয়াসমিন মতিনের। পোশাকের নকশা ও নির্বাচনে মাকে পাশে পেয়েছিলেন সাথী। পাশাপাশি লন্ডনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিজাইনার রোকসানা সালামও তাঁর পোশাক তৈরি করেছিলেন।

বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে চলচ্চিত্রে
প্রতিযোগিতা শেষে দেশে ফেরার পর চলচ্চিত্রে অভিনয়ের অনেক প্রস্তাব পান সাথী। তবে শুরুতে সিনেমায় কাজ করার পরিকল্পনা ছিল না তাঁর। অভিনয়ের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণও ছিল না। তাঁর নানা এম এ মতিনের বন্ধু ছিলেন পরিচালক এহতেশাম। তিনিই সাথীকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য উৎসাহিত করেন। পরে তাঁর পরিচালনায় ‘পরদেশী বাবু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সাথীর। ছবিটিতে তাঁর সহশিল্পী ছিলেন ফেরদৌস।

এরপর মান্নার সঙ্গে ‘আব্বাজান’ ও ‘বীর সৈনিক’, রুবেলের সঙ্গে ‘অন্যায়ের প্রতিশোধ’ এবং শাকিব খানের সঙ্গে ‘বড় মালিক’ সিনেমায় অভিনয় করেন তিনি।

‘বীর সৈনিক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর সম্মাননা পান সাথী। ছবিটি পরিচালনা করেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। এই পুরস্কারকে নিজের অভিনয়জীবনের অন্যতম বড় অর্জন মনে করেন তিনি। পুরস্কার পাওয়ার পর তাঁর মা বলেছিলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার চেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে!

সাথীর মতে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুধু অভিনয়ের স্বীকৃতি নয়, রাষ্ট্রের পক্ষ থেকে একজন শিল্পীর কাজকে মর্যাদা দেওয়ার বিষয়ও।

‘আহা!’ ছিল শেষ চলচ্চিত্র
সর্বশেষ এনামুল করিম নির্ঝর পরিচালিত ‘আহা!’ সিনেমায় অভিনয় করেন সাথী। প্রচলিত বাণিজ্যিক ছবির বাইরে ভিন্নধর্মী গল্প ও নির্মাণের কারণে ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল। এই সিনেমা নিয়ে দুবাই ও তুরস্কের চলচ্চিত্র উৎসবেও অংশ নেন তিনি। সেখানে বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে পরিচিত হওয়ার অভিজ্ঞতাও হয়েছিল তাঁর।

তবে চলচ্চিত্রে কাজ করতে গিয়ে কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছিলেন সাথী। শুটিংয়ের পরিবেশ ও চলচ্চিত্রের দলের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হতো। কোনো সিনেমা দর্শক গ্রহণ করবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা কাজ করত। সে সময় চলচ্চিত্র অঙ্গন নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল বলেও মনে করেন তিনি।

নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখতে চাইতেন সাথী। কোনো ধরনের বিতর্কে জড়াতে চাননি। যদিও পরিচালক, প্রযোজক ও সহশিল্পীদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছিলেন, তবু অভিনয়কে পেশা হিসেবে ধরে রাখার সিদ্ধান্ত নেননি।

করপোরেট জগতেই এখন ব্যস্ততা
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ও চলচ্চিত্রে অভিনয়ের পর জীবনে নতুন অধ্যায় শুরু হয় সাথীর। তাঁর বাবা মোরশেদ রেজা চেয়েছিলেন, পরিবারের বড় সন্তান হিসেবে মেয়ে পারিবারিক ব্যবসায় যুক্ত হোক। সে অনুযায়ী তাঁর জন্য অফিসের ব্যবস্থাও করেছিলেন তিনি।

পরিবারের সমর্থন নিয়ে ধীরে ধীরে করপোরেট জগতে নিজের অবস্থান তৈরি করেন সাথী। বর্তমানে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেও সেই সময়ের অভিজ্ঞতাকে মূল্যবান মনে করেন তিনি। তাঁর কাছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ও অভিনয়—দুটিই জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।

সাথীর ভাষায়, জীবনের সুযোগগুলো গ্রহণ করা প্রয়োজন। তবে কোনো একটি অর্জনকে নিজের সম্পূর্ণ পরিচয় বানিয়ে ফেলা উচিত নয়।

‘মুকুট খুলে রাখার পরই আসল যাত্রা শুরু’
নতুন প্রজন্মের নারীদের জন্য সাথীর পরামর্শ, কোনো উপাধি বা অর্জন যেন তাঁদের পরিচয়ের সীমা হয়ে না দাঁড়ায়। বরং সেটিকে সামনে এগিয়ে যাওয়ার একটি মঞ্চ হিসেবে ব্যবহার করতে হবে। বিশ্বসুন্দরী বা অন্য কোনো প্রতিযোগিতার মুকুট জীবনের একটি সাফল্য হতে পারে, কিন্তু সেটিই জীবনের সবকিছু নয়।

তিনি মনে করেন, নারীদের বড় স্বপ্ন দেখতে হবে, শিক্ষিত হতে হবে এবং নিজস্ব পরিচয় গড়ে তুলতে হবে। একই সঙ্গে আর্থিক ও মানসিকভাবে শক্তিশালী হওয়াও জরুরি। নতুন কোনো জায়গায় নিজেকে প্রথমে বেমানান মনে হলেও সেখানে প্রবেশ করতে ভয় পাওয়া উচিত নয়। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সাথী বলেন, ‘মুকুট খুলে রাখার পরই আমার জীবনের আসল যাত্রা শুরু হয়েছে।’

প্রায় তিন দশক আগে বিশ্বসুন্দরীর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সেই তরুণী এখন চলচ্চিত্রের আলো থেকে দূরে। তবে পুরোনো অর্জনকে স্মৃতিতে রেখে করপোরেট জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। তাঁর কাছে জীবনের সাফল্য কেবল একটি মুকুট কিংবা পুরস্কারে সীমাবদ্ধ নয়; বরং সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে গড়ে তোলার মধ্যেই রয়েছে প্রকৃত অর্জন।

কালের আলো/এসএ/জেএন

Link copied!