Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ঝালকাঠি সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০১:২৫ পিএম

৯০০-১০০০ মানুষের গণহত্যার স্মৃতি, অরক্ষিত রাজাপুরের বধ্যভূমি

ঝালকাঠি সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০১:২৫ পিএম

৯০০-১০০০ মানুষের গণহত্যার স্মৃতি, অরক্ষিত রাজাপুরের বধ্যভূমি

১৯৭১ সালের ২৩ নভেম্বর দুই বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগ ও রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল ঝালকাঠির রাজাপুর থানা। বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুরই প্রথম হানাদারমুক্ত হয় বলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি। অথচ স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও উপজেলার গণহত্যার স্মৃতিবিজড়িত বধ্যভূমিগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। গুরুত্বপূর্ণ দুটি স্থানে স্মৃতিফলক নির্মিত হলেও অন্য স্থানগুলো পড়ে আছে অযত্নে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তাঁদের দাবি, বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণ, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং নতুন প্রজন্মের কাছে এসব স্থানের ইতিহাস তুলে ধরতে দ্রুত উদ্যোগ নিতে হবে।

সম্মুখযুদ্ধে মুক্ত হয়েছিল রাজাপুর

স্থানীয় মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ২২ নভেম্বর রাতে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা রাজাপুর থানা আক্রমণ করেন। শুরু হয় তীব্র সম্মুখযুদ্ধ, যা পরদিন সকাল পর্যন্ত চলে। এ যুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন অন্তত ২০ জন। দীর্ঘ লড়াইয়ের পর ২৩ নভেম্বর সকালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সে সময় রাজাপুর থানা কমান্ডারের দায়িত্বে ছিলেন কেরামত আলী আজাদ।

মুক্তিযুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হলে রাজাপুর থানা ছিল বরিশাল সাব-সেক্টরের অধীনে। সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমর উপজেলার কানুদাসকাঠিতে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি স্থাপন করেছিলেন। রাজাপুর থানায় সম্মুখযুদ্ধ শুরু হলে তিনি সরাসরি অংশ নেন এবং গুলিবিদ্ধ হন। মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ঝালকাঠি জেলার একমাত্র ‘বীর উত্তম’ খেতাব পান।

বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা বলেন, রাজাপুরের সম্মুখযুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী শহীদ হন। দীর্ঘ লড়াইয়ের পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ছিল এ অঞ্চলের মুক্তিকামী মানুষের জন্য ঐতিহাসিক মুহূর্ত।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্তও জানান, ক্যাপ্টেন শাহজাহান ওমর কানুদাসকাঠিতে ঘাঁটি স্থাপন করেছিলেন এবং রাজাপুর থানার যুদ্ধে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন।

বধ্যভূমিতে গণহত্যার স্মৃতি

মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজাপুর থানা ঘাটের বধ্যভূমিতে প্রায় ৭০০ থেকে ৮০০ নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছিল। এ ছাড়া সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের বাড়ির সামনের বধ্যভূমিতে হত্যা করা হয় আরও প্রায় ২০০ মানুষকে।

এত বড় গণহত্যার স্মৃতিবিজড়িত স্থানগুলো এখনো যথাযথভাবে সংরক্ষিত হয়নি। উল্লেখযোগ্য দুটি স্থানে স্মৃতিফলক নির্মিত হলেও অন্য স্থানগুলোতে নেই প্রয়োজনীয় স্মৃতিচিহ্ন কিংবা ইতিহাস জানানোর ব্যবস্থা। স্থানীয়দের মতে, এসব স্থান সংরক্ষণ করা গেলে শহীদদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মও রাজাপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

রাজাপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু বলেন, মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন। অনেক মুক্তিযোদ্ধা এখনো নানা সংকটে দিন কাটাচ্ছেন। তাঁদের অবদান ও স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি।

মুক্তিযোদ্ধার ঘরের আক্ষেপ

নিজের আক্ষেপের কথা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা ঘর তিনি পাননি। অনেকেই ঘর পেলেও তিনি বঞ্চিত রয়েছেন। মৃত্যুর আগে অন্তত একটি ঘর পাওয়ার আকুতি জানিয়ে তিনি বলেন, যে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, সেই দেশের দেওয়া উপহারের ঘরে জীবনের শেষ সময় কাটাতে পারলে মৃত্যুর পরও শান্তি পাবেন।

মুক্তিযোদ্ধা শাহ-আলম খসরু, বাবুল খলিফা ও জালাল খান মনে করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিচিহ্ন রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা না হলে একসময় মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি হারিয়ে যেতে পারে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজাপুরের বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

Link copied!