Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

জয়পুরহাট সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০১:৫৬ পিএম

হাঁসের পালকেই বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র

জয়পুরহাট সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০১:৫৬ পিএম

হাঁসের পালকেই বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র

একসময় হাঁস জবাইয়ের পর পালক ফেলে দেওয়া হতো। মানুষের কাছে মূল্যহীন সেই পালকই এখন হয়ে উঠেছে আয়ের উৎস। গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করা হাঁসের পালক প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে ডাউন বা পালকের তুলা। এসব উপাদান দিয়ে তৈরি হচ্ছে শীতের জ্যাকেট, কম্বল ও বালিশ। বড় পালক দিয়ে তৈরি করা হচ্ছে ব্যাডমিন্টনের ফেদার শাটলকক।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে গড়ে উঠেছে হাঁসের পালক প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান সারাবাংলা ডাউন প্রডাক্টস। প্রতিষ্ঠানটি পালক প্রক্রিয়াজাত করে চীন, ভিয়েতনাম ও তাইওয়ানসহ বিভিন্ন দেশে রপ্তানি করছে।

মাসে সংগ্রহ ২২ টন পালক

প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতি মাসে গড়ে ২২ টন কাঁচা হাঁসের পালক সংগ্রহ করে। পরে বিশেষায়িত যন্ত্রের সাহায্যে কয়েকটি ধাপে পালক বাছাই, পরিষ্কার ও প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় ডাউন ও ফেদার।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন জানান, বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে প্রায় পাঁচ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। সারাদেশে তাদের ৩৫ থেকে ৪০টি ভেন্ডার কাজ করছেন। তাঁদের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে হাঁসের পালক সংগ্রহ করা হয়। পরে চীন থেকে আনা বিশেষায়িত যন্ত্রে কয়েকটি ধাপে সেগুলো প্রক্রিয়াজাত করা হয়।

আলতাফ হোসেন জানান, ২০১৪-১৫ সালে ছোট পরিসরে হাঁসের পালক নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। তবে এ বিষয়ে অভিজ্ঞতা না থাকায় তখন প্রত্যাশিত সাফল্য পাননি। পরে ২০১৫ সালে চীনে গিয়ে এ বিষয়ে পড়াশোনা করেন এবং এক বছর ইন্টার্নশিপ করেন। সেখানে হাঁসের পালক সংগ্রহ, বাছাই ও প্রক্রিয়াজাতকরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। দেশে ফিরে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২২ সালে নতুনভাবে ব্যবসা শুরু করেন।

ফেলনা পালকেই বাড়তি আয়

পালকের আর্থিক মূল্য তৈরি হওয়ায় গ্রামাঞ্চলের অনেকেই এখন সেগুলো সংরক্ষণ করছেন। পরে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছেন। এতে হাঁস পালনের সঙ্গে যুক্ত মানুষ বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া একটি উপাদান যুক্ত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে।

উদ্যোক্তার দাবি, বিদেশে হাঁসের পালক থেকে তৈরি পণ্যের চাহিদা রয়েছে। এ কারণে দেশে এ খাতে বড় শিল্প গড়ে তোলার সম্ভাবনাও তৈরি হয়েছে।

১৬ জনের কর্মসংস্থান

সারাবাংলা ডাউন প্রডাক্টসে বর্তমানে নারী-পুরুষ মিলিয়ে ১৬ জন নিয়মিত কাজ করছেন। তাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রতিষ্ঠানটি স্থানীয় অর্থনীতিতেও ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠানটির কর্মী মোছা. মিমি আক্তার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি। এখান থেকে যে বেতন পাই, তা দিয়ে সংসার চলছে। পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচও চালাতে পারছি।’

কালের আলো/এএএন/এমএসআইপি 

Link copied!