আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমে উঠেছে স্থানীয় রাজনীতি। সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা দল গোছাতে ব্যস্ত। গ্রাম পর্যায়ের প্রভাবশালী ব্যক্তিদের নিজেদের পক্ষে টানতে চলছে নানা তৎপরতা। চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে লবিং-তদবিরও।
আনোয়ারা উপজেলায় ইউনিয়ন রয়েছে ১১টি। তবে সীমানা বিরোধের কারণে আনোয়ারা সদর ও চাতরী ইউনিয়ন বাদে বাকি ৯টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে এ উপজেলায় ভোট গ্রহণের কথা রয়েছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়া হবে বলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে।
বিএনপির সমর্থন পেলে নির্বাচনে জয় অনেকটা নিশ্চিত—এমন ধারণা থেকে দলটির নেতাদের কাছে তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন চেয়ারম্যান পদপ্রত্যাশীরা।
প্রতি ইউনিয়নে একাধিক প্রার্থী
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে পাঁচ থেকে ছয়জন করে বিএনপির সমর্থনপ্রত্যাশী রয়েছেন। কোনো কোনো ইউনিয়নে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি শোডাউনও চলছে। এ নিয়ে উপজেলা বিএনপির রাজনীতিতে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে।
স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের অনুসারীদের একটি অংশ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিনের অনুসারীদের আরেকটি অংশ আলাদাভাবে সক্রিয় রয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে।
সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে চেয়ারম্যান পদে দলীয় সমর্থনপ্রত্যাশীদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের জন্য জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। এতে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ৪৮ জন চেয়ারম্যান পদপ্রত্যাশী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
তবে স্থানীয় সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন আলোচিত প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেননি বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের কয়েকজন প্রার্থী দলীয় সমর্থন না পেলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারেন—এমন আলোচনাও রয়েছে।
‘সবাই চেয়ারম্যান হতে চায়’
বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তাঁর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনি নিজেসহ পাঁচজন বিএনপির সমর্থনপ্রত্যাশী। পরিস্থিতি এমন যে সবাই চেয়ারম্যান হতে চান।
আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক বলেন, এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তবে চেয়ারম্যান পদে দলীয় সমর্থনপ্রত্যাশীরা ইতিমধ্যে লবিং শুরু করেছেন। নেতাদের কাছে তদবিরও করছেন। এবার প্রতিটি ইউনিয়নে দলীয় সমর্থনপ্রত্যাশীর সংখ্যা বেশি বলে জানান তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থনপ্রত্যাশীর সংখ্যা প্রতিটি ইউনিয়নেই অনেক বেশি। জীবনবৃত্তান্ত জমা দেওয়া ব্যক্তিদের মধ্য থেকে যাচাই-বাছাই করে প্রতি ইউনিয়নে একজনের নাম চূড়ান্ত করা হবে। পরে বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানানো হবে।
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলের ত্যাগী ও এলাকায় জনপ্রিয় ব্যক্তিদের দলীয় সমর্থন দেওয়া হবে। দলের পরিচয়ে থেকেও যাঁদের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আঁতাত ছিল বা আছে, তাঁদের সমর্থন দেওয়া হবে না বলে জানান তিনি।
কালের আলো/এএইচ/এমএসআইপি











-20261121140412.jpg)








