পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণে আগ্রহী ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। এমনকি পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে পাকিস্তানের চলচ্চিত্রবাজারের সম্ভাবনা তুলে ধরতে গিয়ে দেশটিতে সচল সিনেমা হলের সংখ্যা নিয়ে যে তথ্য দিয়েছেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। শাকিবের দাবি, পাকিস্তানে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল রয়েছে। অথচ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানে মিলছে সম্পূর্ণ ভিন্ন চিত্র।
শাকিবের বক্তব্যে ১২০০ হলের তথ্য
সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে নিজের আগ্রহের কথা জানান শাকিব। তিনি বলেন, দেশটির সিনেমার বাজার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জেনেছেন, সেখানে ১২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে। এর মধ্যে অনেকগুলো মাল্টিপ্লেক্স।
শাকিবের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানে কোনো সিনেমা ব্যবসাসফল হলে সেটি ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে। বিশাল এই বাজারের সম্ভাবনা বিবেচনা করেই দেশটির সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছেন তিনি।
প্রকাশিত পরিসংখ্যানে ভিন্ন চিত্র
তবে পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে শাকিবের দেওয়া সংখ্যার সঙ্গে বড় ধরনের ব্যবধান দেখা যাচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, দেশটিতে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি প্রদর্শনী পর্দা রয়েছে। অন্যদিকে, ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানে প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। সে সময় সচল পর্দার সংখ্যা নেমে এসেছিল ১১৫টিতে।
এসব প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার দাবির পক্ষে সাম্প্রতিক কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না।
একসময় ১২০০টির বেশি হল ছিল পাকিস্তানে
তবে পাকিস্তানে একসময় ১২০০টির বেশি সিনেমা হল থাকার তথ্য পাওয়া যায়। ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালের দিকে দেশটিতে ১২০০টিরও বেশি সিনেমা হল ছিল। পরবর্তী কয়েক দশকে নানা কারণে কমতে থাকে হলের সংখ্যা।
সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও পৃথক প্রদর্শনী পর্দার হিসাব এক নয়। ফলে পরিসংখ্যানের মধ্যে পার্থক্য থাকতে পারে। তবে অতীতের হলসংখ্যার সঙ্গে বর্তমান পরিস্থিতি গুলিয়ে ফেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শাকিব ঠিক কোন সূত্র থেকে ১২০০টির বেশি সচল হলের তথ্য পেয়েছেন, তা অবশ্য স্পষ্ট নয়।
যৌথ প্রযোজনার আগ্রহে নতুন সম্ভাবনা
শাকিবের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে কাজ করার পরিকল্পনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের চলচ্চিত্রশিল্প সম্পর্কে সঠিক তথ্য জানা কতটা জরুরি, সেই প্রশ্নও তুলছেন অনেকে। বিশেষ করে সিনেমা হলের সংখ্যা নিয়ে এত বড় ব্যবধানের তথ্য তাঁর কাছে কীভাবে পৌঁছাল, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
তবে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহকে ইতিবাচক হিসেবেও দেখছেন অনেকে। দুই দেশের শিল্পীরা একসঙ্গে কাজ করলে নতুন বাজার তৈরি হওয়ার পাশাপাশি উভয় দেশের দর্শকের কাছে সিনেমা পৌঁছানোর সুযোগ তৈরি হতে পারে।
পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ‘মহব্বত’
এদিকে হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। এতে তাঁর বিপরীতে অভিনয়ের কথা রয়েছে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমীর। সিনেমাটি মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের ঈদে।
এর আগে চলতি সপ্তাহেই মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘নিঃস্ব’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে শাকিবের। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের ঈদুল ফিতরে।
কালের আলো/এসএ/জেএন
