শিশুদের হাসি, আনন্দ আর ছোট ছোট আবদারের মধ্যেই লুকিয়ে থাকে সুন্দর আগামীর স্বপ্ন। সেই স্বপ্নকে আরও রঙিন করতে শিশু-কিশোরদের সঙ্গে কিছুটা সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু উপহার দেওয়াই নয়, তাদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তাও দিলেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং হাতে তুলে দেন ব্যাডমিন্টন খেলার সামগ্রী।
- জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে খোশগল্প ও আনন্দঘন মুহূর্ত
- উপহার দিলেন ব্যাডমিন্টন সামগ্রী
- উৎসাহ দিলেন খেলাধুলায় অংশগ্রহণ ও নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে
শিশুদের সঙ্গে খোঁজখবর, জানতে চাইলেন খেলাধুলার সুযোগের কথা
শিশুদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী জানতে চান, তারা সবাই মিলে খেলাধুলা করছে কি না, খেলার সুযোগ থেকে কেউ বাদ পড়ছে কি না। আনন্দের মুহূর্ত যেন সবার জন্য সমান হয়, সে বিষয়েও শিশুদের উৎসাহিত করেন তিনি।।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
তিনি বলেন, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলা করার বিষয়ে খোঁজ নেন।
একজনের আনন্দ হোক সবার, দিলেন ভাগাভাগির পরামর্শ
শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন তারেক রহমান। একজনের জন্য পাওয়া উপহার যেন সবার আনন্দের উপলক্ষ হয়ে ওঠে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই কথায় উঠে আসে শৈশব থেকেই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা গড়ে তোলার গুরুত্ব। নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া, কাউকে খেলাধুলার বাইরে না রাখা এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার মতো মানবিক মূল্যবোধের প্রতি শিশুদের মনোযোগী করতে চান তিনি।
ছোট্ট উদ্যোগে বড় মানবিক বার্তা
শৈশব থেকেই একসঙ্গে চলা, অন্যের আনন্দে অংশ নেওয়া এবং নিজের প্রিয় জিনিস অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার অভ্যাস গড়ে উঠলে তা ভবিষ্যৎ জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সময় কাটানোর মধ্য দিয়ে বন্ধুত্ব, সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় করার একটি সুন্দর বার্তা উঠে আসে।
ব্যস্ত রাষ্ট্রীয় দায়িত্বের ফাঁকে শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন আন্তরিক মুহূর্ত মসজিদ প্রাঙ্গণে তৈরি করে ভিন্ন এক আবহ। খেলাধুলার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি আর একে অন্যের পাশে থাকার যে শিক্ষা তিনি শিশুদের দিতে চেয়েছেন, তা ছোট্ট পরিসর ছাড়িয়ে মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ার প্রত্যাশাকেই সামনে নিয়ে আসে।
কালের আলো/এমএএএমকে


















-20261126135523.jpg)
