Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৩:১৬ এএম

মালিক-শ্রমিকের দরকষাকষি শেষে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৩:১৬ এএম

মালিক-শ্রমিকের দরকষাকষি শেষে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা

দফায় দফায় বৈঠক, দরকষাকষি ও দীর্ঘ আলোচনার পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে বোর্ডের সদস্যদের ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, চতুর্থ গ্রেডের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ সময় আলোচনা চলে। মালিকপক্ষ সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দিলেও শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার নিচে নামতে রাজি হয়নি। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে চতুর্থ গ্রেডের শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

গ্রেডভেদে নতুন মজুরি

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের গ্রেডভেদে নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা।

এর আগে মালিকপক্ষ চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে শ্রমিকপক্ষের সর্বশেষ দাবি ছিল ১৮ হাজার টাকা। এই ব্যবধানের কারণে আলোচনা শেষ পর্যন্ত ভোটাভুটিতে গড়ায়।

মালিকপক্ষের প্রস্তাব ও শ্রমিকদের দাবি

এর আগে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছিলেন, মালিকপক্ষ চতুর্থ গ্রেডের শ্রমিকদের নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষ চেয়েছিল ২২ হাজার টাকা।

মালিকপক্ষের তৃতীয় দফার প্রস্তাবে প্রথম গ্রেডে ১৮ হাজার ৮২৮ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৭ হাজার ৮৮৭ টাকা, তৃতীয় গ্রেডে ১৬ হাজার ৯৯৬ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছিল।

অন্যদিকে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাবে প্রথম গ্রেডে ৩৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৩০ হাজার, তৃতীয় গ্রেডে ২৭ হাজার এবং চতুর্থ গ্রেডে ২২ হাজার টাকা করার দাবি জানানো হয়েছিল।

২০২৩ সালের গেজেট অনুযায়ী আগের মজুরি

২০২৩ সালের গেজেট অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ছিল প্রথম গ্রেডে ১৫ হাজার ৫৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা।

বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এরপর নতুন বেতন কাঠামো নির্ধারণ নিয়ে ধারাবাহিক বৈঠক শুরু হয়। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর শেষ পর্যন্ত নতুন নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের মধ্য দিয়ে প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!