একটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করতে শুধু ঘরের চার দেয়াল যথেষ্ট নয়। প্রয়োজন নিরাপদ বিদ্যালয়, পরিচর্যাবান্ধব কর্মক্ষেত্র, সামাজিক সুরক্ষা এবং রাষ্ট্রীয় উদ্যোগের সমন্বয়। শিশুর বেড়ে ওঠার এই সামগ্রিক পরিবেশ নিশ্চিত করতে শিশু পরিচর্যা ও সুরক্ষা কার্যক্রমকে তৃণমূল থেকে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
এ লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও শহরের ওয়ার্ডে শিশু পরিচর্যা কেন্দ্র সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে বাড়ানো হবে দিবাযত্ন সুবিধা। শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সার্বিক বিকাশের লক্ষ্যেই এ উদ্যোগ।
- প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও শহরের ওয়ার্ডে শিশু পরিচর্যা কেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনা
- কর্মজীবী অভিভাবকদের কর্মস্থল ও সরকারি প্রতিষ্ঠানেও বাড়বে দিবাযত্ন সুবিধা
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত শিশুদের প্রতি সহিংসতা বন্ধে দ্বিতীয় বিশ্ব মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্যানেল আলোচনায় বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
জনসংখ্যার এক-তৃতীয়াংশ শিশু-কিশোর, সুরক্ষায় গুরুত্ব সরকারের
মন্ত্রী বলেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশের বয়স এক দিন থেকে ১৮ বছরের মধ্যে। এই বিশাল জনগোষ্ঠীর সুরক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের কর্মক্ষেত্রেও শিশু সুরক্ষা ও পরিচর্যার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে। সরকারের এ পরিকল্পনায় স্পষ্ট হচ্ছে, শিশু সুরক্ষাকে কেবল পারিবারিক দায়িত্ব হিসেবে নয়, বরং সামাজিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব হিসেবেও প্রতিষ্ঠা করতে চাওয়া হচ্ছে।
উপজেলা পেরিয়ে সুরক্ষা পৌঁছাবে ইউনিয়নের প্রান্তিক জনপদে
তৃণমূল পর্যায়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে কমিউনিটিভিত্তিক উদ্যোগ চালু রয়েছে। মন্ত্রী জানান, বর্তমানে প্রতিটি উপজেলায় পাঁচটি করে কমিউনিটিভিত্তিক শিশু সুরক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে স্বেচ্ছাসেবী সেবাদাতাদের সম্মানী দেওয়ার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায় থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে শিশুদের সুরক্ষা আরও জোরদার করতে প্রতিটি ইউনিয়নে এ সেবা সম্প্রসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়ন, পৌরসভা ও শহরের ওয়ার্ডগুলোতে শিশু পরিচর্যা কেন্দ্র সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।
কর্মজীবী অভিভাবকের ব্যস্ততায় শিশুর পরিচর্যা যেন উপেক্ষিত না হয়
কর্মজীবী মা-বাবার জন্য সন্তানের নিরাপদ পরিচর্যা একটি বড় বাস্তব চ্যালেঞ্জ। বিশেষ করে শহর ও শিল্পাঞ্চলে কর্মজীবী দম্পতির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দিবাযত্ন কেন্দ্রের প্রয়োজনীয়তাও বাড়ছে।
মন্ত্রী বলেন, কর্মজীবী দম্পতিদের সন্তানদের পরিচর্যার জন্য শহর ও উপশহরে দিবাযত্ন কর্মসূচি চালু থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। এ কারণে শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে শিশুদের দিবাযত্ন সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনায় অভিভাবকদের কর্মক্ষেত্রেও শিশু পরিচর্যার সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সরকারি প্রতিষ্ঠানেও শিশু পরিচর্যার সুযোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা
শিশু পরিচর্যার সুবিধা সম্প্রসারণে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে মেডিকেল কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দর এবং সরকারি দপ্তরে শিশু পরিচর্যা কার্যক্রম চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এই সুবিধা চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, শিশু পরিচর্যা ও সুরক্ষা সরকারের উন্নয়ন এজেন্ডার অন্যতম প্রধান অংশ।
বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের শিশু সুরক্ষা ভাবনা
শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।
কালের আলো/এমএএএমকে
