শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতিদিন দুপুরের খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
৫০০ উপজেলায় চালু হবে কর্মসূচি
ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এ কর্মসূচি চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি জানান, আগামী ২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। এতে প্রতিদিন ১ কোটি ১০ লাখ শিশু দুপুরের খাবার পাবে।
খাবারের মান নিশ্চিতে মায়েদের সম্পৃক্ত করার আহ্বান
বিদ্যালয়ের খাবারের গুণগত মান ও পুষ্টিগুণ নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন জুবাইদা রহমান। তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিলের খাবার সুস্বাদু ও সহজলভ্য করতে রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ, স্থানীয় উপকরণের ব্যবহার, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত খাবারের অন্তর্ভুক্তি এবং মায়েদের তদারকি শিশুদের পুষ্টির মান বাড়াতে সহায়তা করবে।
শিশুদের অপুষ্টি দূর করতে কৃষিতে গুরুত্ব
বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, দেশে পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। এ পরিস্থিতি মোকাবিলায় পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
তিনি উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান, রোগ প্রতিরোধী আলু এবং পোকা প্রতিরোধী বেগুন চাষ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আধুনিক সেচব্যবস্থা, খাল খনন, জলাবদ্ধতা দূরীকরণ ও পতিত জমি চাষের আওতায় আনার আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলতে হবে। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে নিরাপদ ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর রান্না সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
রন্ধন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য পাঁচজনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম হন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় আবু আব্দুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় হন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কালের আলো/এসকে/এমএসআইপি









-20261127121328.jpg)
-20261127121010.jpg)

-20261124163219.jpg)







