টিকটকের মাধ্যমে বাংলাদেশি নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের আস্থা অর্জনের পর ঢাকার বিভিন্ন ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত তিন মাসে অন্তত ১৫ জন নারীকে এভাবে বিয়ের ফাঁদে ফেলার তথ্য পেয়েছে পুলিশ।
সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের আশ্বাসে ঢাকায় এনে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে চেন ইয়ংকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে ঢাকায় আনা
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর ভিত্তিতে পুলিশ অনুসন্ধান শুরু করে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে বড় বোনকে ফোন করে ওই শিক্ষার্থী জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে বিয়ের আশ্বাসসহ নানা প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জানায় সে।
বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ির অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ওই বাসায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চীনের একটি পাসপোর্ট ও দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
ভুয়া কাগজপত্রে বিয়ের নাটক
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন চেন ইয়ং। পরে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রস্তাব দিতেন। স্ট্যাম্পে বিয়ের জাল কাগজপত্র তৈরি করে তাঁদের আস্থা অর্জনের পর ঢাকার বিভিন্ন এলাকার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর বিষয়টি তদন্ত করতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ জন নারীকে বিয়ের তথ্য পেয়েছে পুলিশ। চেন ইয়ংকে আটকের খবর ছড়িয়ে পড়লে সোমবার রাতে বিভিন্ন বয়সী কয়েকজন নারী ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও নিজেকে চেন ইয়ংয়ের স্ত্রী বলে দাবি করেন।
আরও ভুক্তভোগী থাকার আশঙ্কা
পুলিশের ধারণা, এ ঘটনায় আরও ভুক্তভোগী নারী থাকতে পারেন। এ ছাড়া এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বুধবার (২৬ নভেম্বর) চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি


















-20261126135523.jpg)