আইন হয়েছে, বেড়েছে সুরক্ষার আওতা। কিন্তু কমেনি নারীর প্রতি সহিংসতা। ১৯৯৫ সালে বিশ্বে মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন থাকলেও ২০২৫ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১০৪টিতে। আইনি অগ্রগতির পাশাপাশি নতুন উদ্বেগ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি-সংক্রান্ত সহিংসতা। অর্থাৎ সময়ের সঙ্গে সহিংসতার ধরন বদলালেও নারীর নিরাপত্তার প্রশ্নটি এখনো রয়ে গেছে বড় চ্যালেঞ্জ হয়ে।
এমন বাস্তবতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমুন্নত রাখতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেছেন, জনগণের জন্য যা কল্যাণকর বর্তমান সরকার তাই করছে। দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশের অধিক নারী উল্লেখ করে মন্ত্রী বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমুন্নত রাখতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
- নির্যাতনের শিকার নারী ও শিশু পাবেন এক ছাতার নিচে সব সেবা
- সামাজিক প্রতিরোধ ছাড়া সহিংসতা নির্মূল সম্ভব নয়—মন্ত্রী
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ইউএন উইমেনের আয়োজনে ‘১৬ ডেইজ অব অ্যাক্টিভিজম এগেইনস্ট জেন্ডার বেইজড ভায়োলেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্যাতিতদের জন্য তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ
নারী ও শিশু নির্যাতনের শিকার হলে দ্রুত আইনি সহায়তা পাওয়ার বিষয়টি সামনে এনে মন্ত্রী জানান, এ লক্ষ্যে ইতোমধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুরা এক ছাতার নিচে সকল সেবা পাবেন।
এই উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নারী ও শিশুদের কেউ কোনো ধরনের নির্যাতনের শিকার হলে তাদের দ্রুত আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে তিন মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যাতে করে এক ছাতার নিচে ভুক্তভোগীরা সকল সেবা পান।
নারীরা পাবেন প্রাপ্য সম্মান, কেউ থাকবে না বঞ্চিত
নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না এবং নারীরা তাদের প্রাপ্য সম্মান পাবে।
শুধু সরকারের উদ্যোগে নয়, প্রয়োজনসামাজিক প্রতিরোধ
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তাঁর মতে, সরকার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে সমাজের সকলের সমন্বিত প্রচেষ্টাতেই এই সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।
প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে নতুন উদ্বেগ
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নে অগ্রগতি হলেও বিশ্বজুড়ে নারীরা এখনো নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। প্রচলিত সহিংসতার পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে প্রযুক্তি-সংক্রান্ত সহিংসতা। এ পরিস্থিতিতে বাংলাদেশের নারী নির্যাতন সংক্রান্ত বিদ্যমান আইনসমূহকে আরও যুগোপযোগী করার পাশাপাশি কর্মক্ষেত্রে ও রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে




-20261125114039.webp)











-20261124163219.jpg)



