Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১২:৪৩ এএম

নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান, ৩০ হাজার টাকার দাবিতে অনড় একাংশ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১২:৪৩ এএম

নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান, ৩০ হাজার টাকার দাবিতে অনড় একাংশ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণা করেছে সরকার। নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এ মজুরি নিয়ে শ্রমিক নেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ ঘোষিত মজুরিকে শ্রমিক স্বার্থবিরোধী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন, আবার কেউ অপর্যাপ্ত হলেও একে পুরোপুরি অসন্তোষজনক মনে করছেন না।

বুধবার (২৫ নভেম্বর) ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ ছাড়া তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

৩০ হাজার টাকার দাবিতে অনড় মোশরেফা মিশু

নতুন মজুরি প্রত্যাখ্যান করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। তিনি ঘোষিত মজুরিকে শ্রমিকদের প্রতি ‘নিষ্ঠুর তামাশা, বিশ্বাসঘাতকতা ও চরম নিষ্ঠুরতা’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণ শ্রমিক স্বার্থবিরোধী ও শিল্পবিরোধী। গত ১২ অক্টোবর থেকে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। পরে এ আন্দোলন উত্তরার বাইরে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে।

মোশরেফা মিশুর অভিযোগ, মজুরি নির্ধারণের ক্ষেত্রে দ্রব্যমূল্য, বাড়িভাড়া, গ্যাস-বিদ্যুতের বিল এবং জীবনযাত্রার ব্যয় যথাযথভাবে বিবেচনা করা হয়নি। নতুন মজুরির বড় একটি অংশ বাড়িভাড়ায় ব্যয় হয়ে যাবে। বাকি অর্থ দিয়ে খাবারসহ চার সদস্যের পরিবারের প্রয়োজন মেটানো কঠিন।

তিনি আরও বলেন, সরকার প্রধানের কাছে ঘোষিত প্রস্তাব স্থগিত করে শ্রমিকদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। ৩০ হাজার টাকার কম মজুরি কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং শিল্পাঞ্চলে আন্দোলন অব্যাহত থাকবে।

অপর্যাপ্ত হলেও পুরোপুরি অসন্তুষ্ট নন তৌহিদুর রহমান

অন্যদিকে, বাংলাদেশ শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান নতুন মজুরি কাঠামোকে অপর্যাপ্ত মনে করলেও একে পুরোপুরি প্রত্যাখ্যান করেননি।

তিনি বলেন, ২০২৩ সালে শ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। তখন পাঁচ বছরের ব্যবধানে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ। এবার তিন বছরের ব্যবধানে বেড়েছে ৩৬ শতাংশ। টাকার অঙ্কে সাড়ে ৪ হাজার টাকা বৃদ্ধি একেবারে উপেক্ষা করার মতো নয়।

তবে গ্রেড সমন্বয় ও ইনক্রিমেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, চতুর্থ থেকে দ্বিতীয় গ্রেডের অনেক শ্রমিক আগের দুটি ইনক্রিমেন্ট পাওয়ায় নতুন ঘোষিত মজুরির কাছাকাছি অবস্থানে রয়েছেন। ফলে কারও কারও প্রকৃত বেতন বৃদ্ধির পরিমাণ ২০০ থেকে ৪০০ টাকার বেশি নাও হতে পারে।

তিনি বলেন, ঘোষণায় সর্বনিম্ন ২ হাজার টাকা ইনক্রিমেন্ট দেওয়ার শর্ত রাখা হয়েছে। এটি যথাযথভাবে বাস্তবায়ন করা হলে শ্রমিকরা উপকৃত হবেন। তবে তা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে না।

১৪ দিনের মধ্যে আপত্তি জমার প্রস্তুতি

নতুন মজুরি কাঠামোর খসড়া গেজেট হাতে পাওয়ার পর তা বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তৌহিদুর রহমান। পর্যালোচনা শেষে আগামী ১৪ দিনের মধ্যে মন্ত্রণালয়ে লিখিত আপত্তি জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিক নেতাদের ভিন্ন অবস্থান থেকে স্পষ্ট, মজুরি বৃদ্ধির পরিমাণের পাশাপাশি গ্রেডভিত্তিক বেতন সমন্বয়, ইনক্রিমেন্ট এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মজুরির সামঞ্জস্যের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!