Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৭:১২ পিএম

তিন বিমান থেকে আধুনিক আকাশশক্তি, এবার স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য বিমান বাহিনী প্রধানের

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৭:১২ পিএম

তিন বিমান থেকে আধুনিক আকাশশক্তি, এবার স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য বিমান বাহিনী প্রধানের

তিনটি বিমান। সীমিত সামর্থ্য। অথচ লক্ষ্য ছিল একটি স্বাধীন দেশের আকাশে নিজেদের পতাকা ওড়ানো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের দুঃসাহসী অভিযান দিয়ে যে বাহিনীর যাত্রা শুরু, সময়ের পরিক্রমায় সেটিই আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ও ক্ষেপণাস্ত্রে সমৃদ্ধ। সেই আকাশশক্তির শেকড়ে যাঁদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম, তাঁদেরই সম্মান জানাল বাংলাদেশ বিমান বাহিনী। মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাঁদের উত্তরাধিকারী এবং ঐতিহাসিক কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে মোট ৩৬ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • মুক্তিযুদ্ধের বীরত্ব ও পূর্বসূরিদের আত্মত্যাগকে প্রেরণা করে নিজস্ব প্রযুক্তি 
  • গবেষণা, উদ্ভাবন ও মহাকাশ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা
  • কিলো ফ্লাইটের সদস্য ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ ৩৬ জনকে সংবর্ধনা দিল বিমান বাহিনী 

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সংবর্ধিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন, উপহারসামগ্রী তুলে দেন এবং স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে বারবার ফিরে আসে একাত্তরের বীরত্ব, পূর্বসূরিদের আত্মত্যাগ এবং সেই অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব। স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের সব শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে তিনি বলেন, 'যাঁদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। বিশেষভাবে স্মরণ করছি কিলো ফ্লাইটের অকুতোভয় সদস্যদের, যাঁদের বীরত্বপূর্ণ অভিযানের মাধ্যমে সূচিত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় যাত্রা।'

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বিমান বাহিনী প্রধান বলেন, 'আপনারা আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের জীবন্ত সাক্ষী। ১৯৭১ সালে জাতির সবচেয়ে সংকটময় মুহূর্তে আপনারা জীবনের মায়া ত্যাগ করে যে সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা আমাদের স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আপনাদের সেই সংগ্রাম ছিল একটি জাতির আত্মপরিচয়, মর্যাদা ও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আপনাদের অবদান আমাদের জন্য চিরন্তন প্রেরণার উৎস।'

মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সদস্যদের অবদানের স্বীকৃতির কথা তুলে ধরে তিনি জানান, অসামান্য অবদানের জন্য বিমান বাহিনীর একজন সদস্য বীরশ্রেষ্ঠ, ছয়জন বীর উত্তম ও ১৫ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। বিশেষ শ্রদ্ধায় স্মরণ করেন শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে। তাঁর দেশপ্রেম ও আত্মত্যাগকে অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিন বিমান থেকে আধুনিক যুদ্ধক্ষমতা
একাত্তরের রণাঙ্গনে তিনটি বিমান নিয়ে শুরু হওয়া বাহিনীর বর্তমান সক্ষমতার চিত্র তুলে ধরে বিমান বাহিনী প্রধান বলেন, 'বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সুশৃঙ্খল, পেশাদার ও আধুনিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত। এই দীর্ঘ পথচলায় পূর্বসূরিদের দূরদর্শিতা, নিষ্ঠা ও অপরিসীম অবদান রয়েছে।'

তিনি বলেন, 'মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে জন্ম নেওয়া বিমান বাহিনী আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র এমনকি ওভারহলিং প্রযুক্তিতেও সমৃদ্ধ। অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার অনেকগুলো সফলভাবে বাস্তবায়িত হয়েছে।'

ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, 'মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং মহাকাশভিত্তিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন ও নতুন ঘাঁটির অবকাঠামো প্রতিষ্ঠার কাজও চলছে।' তবে আধুনিক সমরাস্ত্র সংগ্রহেই বিমান বাহিনীর লক্ষ্য সীমাবদ্ধ নয়। নিজস্ব প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায় বাহিনী—এমন প্রত্যয়ও ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান।

শুধু আকাশের নিরাপত্তা নয়, মানুষের পাশেও
দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিমান বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ বন্যা, অগ্নিকাণ্ড ও উদ্ধার অভিযানসহ বিভিন্ন ক্ষেত্রে বিমান বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন বলে জানান। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ বিমান বাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি বলেন, 'মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আকাশসীমার নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। একই সঙ্গে দেশের যেকোনো প্রয়োজনে জনগণের পাশে থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।'

বীরত্বের উত্তরাধিকার রক্ষার শপথ
সংবর্ধিত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের উপস্থিতিকে বিমান বাহিনীর জন্য বিশেষ অনুপ্রেরণা ও মর্যাদার বিষয় হিসেবে উল্লেখ করেন বিমান বাহিনী প্রধান। তাঁদের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের শিক্ষা দিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তাঁর বক্তব্যের শেষাংশে উঠে আসে একাত্তরের অর্জন রক্ষার অঙ্গীকার। তিনি বলেন, 'আপনারা স্বাধীনতার যে আকাশ আমাদের উপহার দিয়েছেন, সেই আকাশ নিরাপদ ও মুক্ত রাখাই আমাদের অঙ্গীকার।'

একাত্তরে তিনটি বিমান নিয়ে যে যাত্রার সূচনা, আজকের আধুনিক বিমান বাহিনীর প্রতিটি অগ্রযাত্রায় সেই ইতিহাসের উত্তরাধিকার বহন করছে। সংবর্ধনার মধ্য দিয়ে সেই ইতিহাসের নির্মাতাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্বাধীনতার আকাশ সুরক্ষিত রাখার দায়িত্বও নতুন করে স্মরণ করল বাংলাদেশ বিমান বাহিনী। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে

Link copied!