Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৫:১৯ পিএম

চার চাপে টালমাটাল পোশাক খাত

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৫:১৯ পিএম

চার চাপে টালমাটাল পোশাক খাত

দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের সামনে একসঙ্গে ঘনীভূত হচ্ছে নানা সংকট। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা—এই চার চ্যালেঞ্জে চাপে পড়ছে দেশের পোশাক রপ্তানি। এর সঙ্গে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারনির্ভরতা। রপ্তানির বড় অংশ এই দুই অঞ্চলে কেন্দ্রীভূত থাকায় সেখানে চাহিদা ও চালান কমলেই ধাক্কা লাগছে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে।

  • ইউরোপ-আমেরিকার বাজারনির্ভরতায় বাড়ছে ঝুঁকি
  • কমছে রপ্তানি চালান
  • প্রতি হাজার ডলারের রপ্তানিতে কাঁচামাল আমদানিতেই ব্যয় ৪০০ ডলার

বাংলাদেশ ব্যাংকের তৈরি পোশাক শিল্পবিষয়ক এক প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। গত রোববার (২২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদে রপ্তানি প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত থাকার সম্ভাবনা থাকলেও দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকা এবং প্রবৃদ্ধি ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত বাজারের বাইরে নতুন গন্তব্য খোঁজা, পণ্যে মূল্য সংযোজন বাড়ানো এবং উৎপাদন ব্যয় কমানোর ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিবেদনের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৫৫ কোটি ডলার। এর মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২২১ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ১২৯ কোটি, স্পেনে ১১৪ কোটি, জার্মানিতে ১১২ কোটি, নেদারল্যান্ডসে ৬০ কোটি, ফ্রান্সে ৪৫ কোটি এবং ইতালিতে ৩২ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। কানাডায় রপ্তানির পরিমাণ ৩৫ কোটি ডলার।

অর্থাৎ, রপ্তানি আয়ের বড় অংশ নির্ভর করছে গুটিকয়েক দেশের বাজারের ওপর। এসব অঞ্চলে অর্থনৈতিক মন্দা, ভোক্তাদের ক্রয়ক্ষমতা হ্রাস কিংবা রাজনৈতিক-অর্থনৈতিক অস্থিরতা দেখা দিলে তার প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের পোশাক শিল্পে। সাম্প্রতিক সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে রপ্তানি চালান কমে যাওয়ার বিষয়টিও সেই ঝুঁকিকে সামনে এনেছে।

রপ্তানি বাড়ছে, বাড়ছে না নিট আয়
রপ্তানি আয়ের ইতিবাচক প্রবণতার মধ্যেও শিল্পটির আরেকটি দুর্বলতা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। সেটি হলো, রপ্তানি আয় বাড়লেও কাঁচামাল আমদানির ব্যয় বাদ দিয়ে প্রকৃত আয় বা নিট রপ্তানি আয়ে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। প্রতি ১ হাজার ডলারের পোশাক রপ্তানি আয়ের বিপরীতে প্রায় ৪০০ ডলার চলে যাচ্ছে কাঁচামাল আমদানিতে। ফলে নিট আয় থাকছে ৬০০ ডলারের মতো। গত কয়েক বছর ধরেই এই অনুপাত প্রায় একই রয়েছে। অবশ্য কাঁচামাল আমদানি কমে আসার একটি ইতিবাচক দিকও রয়েছে। দেশে কাঁচামালের উৎপাদন বাড়ায় আমদানিনির্ভরতা কিছুটা কমছে। তবে এই পরিবর্তন নিট রপ্তানি আয়ে বড় ধরনের অগ্রগতি আনতে পারছে না।

বাজার ও পণ্যে বৈচিত্র্য আনতে হবে
প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বাংলাদেশের পোশাক শিল্পকে রপ্তানি কৌশলে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরে নতুন বাজার অনুসন্ধান করতে হবে। একই সঙ্গে প্রচলিত পণ্যের বাইরে বেশি মূল্য সংযোজন হয় এমন পোশাক উৎপাদনে গুরুত্ব দিতে হবে। উৎপাদনশীলতা বাড়িয়ে ব্যয় কমানোর পদক্ষেপও নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো এবং শিল্পের অভিঘাত মোকাবিলার ক্ষমতা শক্তিশালী করতে এসব উদ্যোগ এখন সময়ের দাবি।

মজুরি নিয়ে অস্থিরতা প্রতিবেদনে নেই
তবে পোশাক খাতের সাম্প্রতিক আরেকটি আলোচিত বিষয় মজুরি বৃদ্ধি নিয়ে সৃষ্ট অস্থিরতা প্রতিবেদনে উঠে আসেনি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রতিবেদনটি তৈরি করে অনুমোদনের জন্য জমা দেওয়ার সময় মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়নি। তাই বিষয়টি প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।

সব মিলিয়ে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি থাকলেও বাংলাদেশের পোশাক শিল্পের সামনে এখন বড় প্রশ্ন—প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমিয়ে কত দ্রুত নতুন বাজার তৈরি করা যাবে এবং বাড়তি উৎপাদন ব্যয়ের মধ্যেও কীভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে। দেশের প্রধান রপ্তানি খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করছে এই চ্যালেঞ্জ মোকাবিলার ওপর।

কালের আলো/ওয়াইএ/এমকে

Link copied!