Kaler Alo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ যাওয়ার আগে কর্মীদের ভাষা শেখাবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

শেরপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৪:১৭ এএম

ছনের তৈরি পণ্যে গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা

শেরপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৪:১৭ এএম

ছনের তৈরি পণ্যে গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা

একসময় সংসারে ছিল অভাব-অনটন। পরিবারের আর্থিক সংকট কিছুটা কমাতে যমুনার চর থেকে ছন সংগ্রহ করে এনে স্থানীয় নারীদের কাছে বিক্রি করতেন রেজাউল করিম। সেই ছন দিয়ে নারীরা তৈরি করতেন বিভিন্ন ধরনের হস্তশিল্প। বিদেশি উদ্যোক্তারা সেসব পণ্য তৈরি করিয়ে নিয়ে যেতেন। বিষয়টি কাছ থেকে দেখতে দেখতেই তাঁর মনে জন্ম নেয় নতুন স্বপ্ন—যে পণ্য বিদেশিরা তৈরি করিয়ে নিচ্ছেন, তা নিজেরাই তৈরি করে বাজারজাত করা সম্ভব নয় কেন?

সেই স্বপ্ন থেকেই শুরু হয় ‘নান্দনিক হ্যান্ডিক্রাফট’-এর যাত্রা। আর এই উদ্যোগের হাত ধরে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের হাপুনিয়া গ্রামের দুই থেকে তিন শতাধিক নারীর জীবনে এসেছে পরিবর্তন। সংসারের কাজের ফাঁকে অবসর সময়ে হস্তশিল্পের পণ্য তৈরি করে আয় করছেন তাঁরা। নিজেদের উপার্জনে সংসারের খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনায়ও সহযোগিতা করছেন। কেউ কেউ হয়ে উঠেছেন পরিবারের আয়ের অন্যতম ভরসা।

এক লাখ টাকার পুঁজিতে উদ্যোগের শুরু

এই পরিবর্তনের নেপথ্যের উদ্যোক্তা রেজাউল করিম। তিনি জানান, প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে পড়ার সময় দেখেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের কয়েকজন বিদেশি উদ্যোক্তা স্থানীয় নারীদের দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করিয়ে নিচ্ছেন। তখন তাঁদের নিজেদের পরিবারেও ছিল আর্থিক টানাপড়েন। সংসারের অভাব মেটাতে যমুনার চরসহ বিভিন্ন এলাকা থেকে ছন সংগ্রহ করে এনে নারীদের কাছে বিক্রি করতেন তিনি। এ কাজের মধ্য দিয়েই হস্তশিল্পের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়।

উচ্চমাধ্যমিক পাসের পর বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন রেজাউল করিম। বিদেশি উদ্যোক্তাদের জন্য স্থানীয় নারীরা যে পণ্য তৈরি করছেন, সেগুলো নিজেরাই উৎপাদন ও বাজারজাত করার পরিকল্পনা করেন। এ লক্ষ্যে উন্নয়নমূলক সংস্থা ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ নেন। পরে একটি এনজিওর সহযোগিতায় এক লাখ টাকা পুঁজি নিয়ে গড়ে তোলেন ‘নান্দনিক হ্যান্ডিক্রাফট’।

শুরুতে কাজের পরিধি সীমিত থাকলেও ধীরে ধীরে নারীদের প্রশিক্ষণ, নকশা ও কাঁচামাল সরবরাহের মাধ্যমে উদ্যোগটি বিস্তৃত হতে থাকে। রেজাউল করিমের ভাষ্য, শেরপুর উপজেলার বিভিন্ন এলাকার দুই থেকে তিন শতাধিক নারীকে তিনি হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ দিয়েছেন। প্রথম দিকে গ্রামে গ্রামে গিয়ে নারীদের হাতে-কলমে কাজ শিখিয়েছেন। পরে নিয়মিত চর্চা ও অভিজ্ঞতার মাধ্যমে তাঁরা নিজেরাই এসব কাজ রপ্ত করেন।

বর্তমানে কাজের পরিমাণ ও দক্ষতা অনুযায়ী একজন নারী শ্রমিক মাসে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারছেন বলে জানান এই উদ্যোক্তা।

ছনের তৈরি হচ্ছে নানা ধরনের পণ্য

সহজলভ্য ছন ও নারীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নানা ধরনের নান্দনিক ও ব্যবহার্য পণ্য। এর মধ্যে রয়েছে ক্যাট বক্স, ডক বক্স, বড় পাতিল, বালতি, হাফ সিলিন্ডার, কড়াই, ফাইল বক্স, চাকা, কিচেন ডালা, কলমদানি, ফুলের টব, চাকা সেট, ওয়ালমেট ও টেবিল ম্যাটসহ বিভিন্ন পণ্য। প্রতিটি পণ্য তৈরিতে প্রয়োজন হয় ধৈর্য, দক্ষতা ও সৃজনশীলতা।

কাজের সুবিধার্থে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় কাঁচামাল ও পণ্যের নকশা। সংসারের রান্নাবান্না ও অন্যান্য কাজ শেষ করে অবসর সময়ে তাঁরা পণ্য তৈরি করেন। পরে তৈরি পণ্য সংগ্রহের সময় তাঁদের নির্ধারিত পারিশ্রমিক দেওয়া হয়। এতে সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে।

সংসারের পাশাপাশি নিজেরাও উপার্জন করছেন

এই উদ্যোগের সঙ্গে যুক্ত নারী শ্রমিক আরজিনা খাতুন, দুলালী খাতুন, সুমি খাতুন, শারমিন খাতুন, শাপলা খাতুন, ফাতেমা বেগম ও জান্নাতি আক্তার জানান, আগে সংসারের কাজের বাইরে তাঁদের আলাদা কোনো উপার্জনের সুযোগ ছিল না। পরিবারের প্রয়োজন মেটাতে অন্যের আয়ের ওপর নির্ভর করতে হতো। এখন বাড়িতে বসেই হস্তশিল্পের কাজ করে নিজেরা আয় করছেন।

তাঁরা বলেন, নিজেদের উপার্জিত অর্থ দিয়ে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের লেখাপড়ার ব্যয়েও সহযোগিতা করতে পারছেন। এ কাজের সবচেয়ে বড় সুবিধা হলো, সংসারের কাজ ফেলে বাইরে যেতে হয় না। নিজেদের সুবিধামতো সময়ে কাজ করা যায়। কাজ শেষে নিজের হাতে উপার্জিত টাকা পাওয়ার আনন্দও আলাদা।

স্থানীয় গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে

হাপুনিয়ার নারীদের তৈরি পণ্য শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ নেই। উদ্যোক্তা রেজাউল করিম জানান, নারীদের তৈরি পণ্য একটি নির্দিষ্ট স্থানে সংগ্রহ করে মাসে দুইবার ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় শহরের সুপারশপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়। পরে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য বিদেশের বাজারেও রপ্তানি হয়।

তিনি বলেন, ক্রেতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট নকশা অনুযায়ী পণ্যের অর্ডার দেয়। সেই অনুযায়ী নারী শ্রমিকদের কাছে কাঁচামাল ও নকশা পৌঁছে দেওয়া হয়। তাঁরা বাড়িতে বসে পণ্য তৈরি করেন। প্রতিটি পণ্যের বিপরীতে তাঁদের নগদ পারিশ্রমিক দেওয়া হয়। গ্রামের নারীদের হাতে তৈরি পণ্য দেশের সীমানা পেরিয়ে বিদেশের বাজারে পৌঁছানো তাঁদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।

গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা

হাপুনিয়া গ্রামের এই উদ্যোগ কেবল কয়েকটি পরিবারের বাড়তি আয়ের উৎস নয়; এটি গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নেরও একটি দৃষ্টান্ত। সংসারের কাজের পাশাপাশি নারীরা নিজেদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, এ উদ্যোগ তার উদাহরণ।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগকে আরও এগিয়ে নিতে প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, নিয়মিত কাঁচামাল সরবরাহ এবং পণ্যের বাজার সম্প্রসারণ। পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে এ শিল্প আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

একসময় যাঁদের দিন কাটত সংসারের কাজ আর অভাব-অনটনের হিসাব কষে, আজ তাঁরাই নিজেদের শ্রমে তৈরি করছেন নতুন সম্ভাবনা। রান্নাঘরের কাজ শেষ করে হাতে তুলে নিচ্ছেন ছন, তৈরি করছেন নান্দনিক পণ্য। সেই পণ্য বিক্রির অর্থে বদলে যাচ্ছে সংসারের চিত্র, পূরণ হচ্ছে সন্তানের স্বপ্ন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!