Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৭:০৬ পিএম

দুই বছরে রিজার্ভ বাড়ল ১০.৪৫ বিলিয়ন ডলার

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৭:০৬ পিএম

দুই বছরে রিজার্ভ বাড়ল ১০.৪৫ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৈধ পথে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ এবং লেনদেন সহজ করতে সরকারের বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগের ফলে রিজার্ভে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

দুই বছরে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলারের বেশি
সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। আর ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে তা বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ ওই সময়ের তুলনায় রিজার্ভ বেড়েছে ১০ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস।

হুন্ডি প্রতিরোধ ও লেনদেন সহজ করতে উদ্যোগ
তারেক রহমান বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।

এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের সঙ্গে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ যুক্ত করা সহজ হচ্ছে। প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির কারণে অর্থ স্থানান্তরের খরচও কমেছে।

রেমিট্যান্সে প্রণোদনা ও প্রযুক্তির ব্যবহার
প্রধানমন্ত্রী জানান, বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা দিয়ে আসছে।

এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরিতে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে। রেমিট্যান্স প্রবাহ বাড়ানো ও তা নিরবচ্ছিন্ন রাখতে নতুন ধারণা, প্রযুক্তি এবং অর্থ পাঠানোর বিকল্প মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তারেক রহমান।

রেমিট্যান্স খাতের সূচনা জিয়াউর রহমানের উদ্যোগে
বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ খাতের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর উদ্যোগেই বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!