আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় বেশি দেখানো হয়েছিল। ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত প্রবৃদ্ধির হার ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত অতিমূল্যায়ন করা হয়েছে বলে ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে।
শনিবার জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদনবিষয়ক এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেখানে বক্তারা বলেন, রাজনৈতিক স্বার্থে এবং উন্নয়নের বয়ান প্রতিষ্ঠার লক্ষ্যে প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছিল।
আট বছর প্রবৃদ্ধির হিসাবে অতিমূল্যায়ন
প্রতিবেদন অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত অবস্থার চেয়ে ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট বেশি দেখানো হয়েছে। এ সময়ে সরকারি হিসাবে প্রবৃদ্ধি কখনো ৭ শতাংশের বেশি, আবার কখনো এর কাছাকাছি ছিল। ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশে পৌঁছানোর তথ্য দেওয়া হয়েছিল।
অন্যদিকে, করোনাভাইরাস মহামারির বছরে, অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৪৫ শতাংশে নেমে আসে। পরবর্তী সময়ে অর্থনীতিতে নানা সংকটের প্রভাবে ২০২২-২৩ অর্থবছর থেকে প্রবৃদ্ধির হার কমতে থাকে।
তথ্যের ৪০ শতাংশে ছিল গরমিল
সেমিনারে জানানো হয়, জিডিপি প্রবৃদ্ধির হিসাব তৈরিতে ব্যবহৃত তথ্যের ৬০ শতাংশ ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নিজস্ব জরিপ থেকে পাওয়া। এসব তথ্যে কোনো হস্তক্ষেপ ছিল না বলে উল্লেখ করা হয়।
তবে বাকি ৪০ শতাংশ তথ্য নেওয়া হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ বোর্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে। এসব তথ্যে গরমিল ছিল বলে ফরেনসিক অডিটে উঠে এসেছে।
রাজনৈতিক বয়ান তৈরিতে ব্যবহৃত হয়েছে পরিসংখ্যান
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর জিডিপি প্রবৃদ্ধির তথ্যে অতিমূল্যায়ন বেশি ছিল। পতিত সরকার এসব পরিসংখ্যান ব্যবহার করে রাজনৈতিক বয়ান তৈরি করেছিল।
তিনি বলেন, জরিপের বাইরে থেকে আসা তথ্যগুলোতে গরমিল ছিল। বর্তমানে উৎপাদন ও ব্যয় পদ্ধতিতে জিডিপি হিসাব করা হয়। ভবিষ্যতে আয়ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। উপদেষ্টা আরও বলেন, সরকারের কাছে জিডিপি কোনো সংখ্যা বা হাতিয়ার নয়। সরকার মানসম্মত ও সঠিক তথ্য চায়।
আগেও প্রশ্ন উঠেছিল প্রবৃদ্ধির হিসাব নিয়ে
জিডিপি প্রবৃদ্ধির সরকারি পরিসংখ্যান নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল। ২০২৪ সালের নভেম্বরে অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দেখানো জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান সঠিক নয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন।
কালের আলো/এসএ/এমএস
