Kaler Alo
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৬:৫৫ পিএম

হত্যার রহস্য উদঘাটনে দীপকে জিজ্ঞাসাবাদ, স্বজনকে বললেন ‘আমি ফুললি স্ট্রং’

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৬:৫৫ পিএম

হত্যার রহস্য উদঘাটনে দীপকে জিজ্ঞাসাবাদ, স্বজনকে বললেন ‘আমি ফুললি স্ট্রং’

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় পুলিশের সন্দেহের কেন্দ্রে রয়েছেন আহমেদ শাহরিয়ার রেজা দীপ। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। ঘটনার রহস্য উদঘাটন ও অন্য জড়িতদের শনাক্ত করতে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনে বলেন, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি দীপের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। 

  • তাহসিফ হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর 
  • হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার দাবি পুলিশের 
  • আদালতে অভিযোগ অস্বীকার করেছেন দীপের আইনজীবীরা 

তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আবেদনে আরও বলা হয়, জামিনে মুক্তি পেলে দীপ পলাতক হয়ে মামলার তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওর প্রসঙ্গ
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়ার ভিডিও ধারণ করেছিলেন তাহসিফ। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ কারণে তাহসিফকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে রাষ্ট্রপক্ষ। ভিডিও ধারণ ও প্রচারের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা উদঘাটনে দীপকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান তিনি।

দীপের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার আইনজীবীদের
দীপের পক্ষে আইনজীবী মনিরুল ইসলাম ও মুতাসিম বিল্লাহ রিমান্ড আবেদন বাতিলের দাবি জানান। মনিরুল ইসলাম আদালতে বলেন, তাহসিফের সঙ্গে দীপের ছয় বছরের সম্পর্ক ছিল। পারিবারিকভাবেও তাদের যোগাযোগ ছিল। তাহসিফের বাবা প্রথমে দীপের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, তাহসিফের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়েও সন্দেহ রয়েছে। দীপ শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে আসছেন বলেও দাবি করেন তার আইনজীবী। অন্যদিকে, মুতাসিম বিল্লাহ বলেন, দীপ ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি জড়িত থাকলে বাসায় থাকতেন না। শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন তিনি। দুই পক্ষের বক্তব্য শুনে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দীপের দেওয়া তথ্যে উদ্ধার তাহসিফের মোটরসাইকেল
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে বাসার নিচে নেমে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তাহসিফ। বৃহস্পতিবার দীপ জানিয়েছিলেন, ঘটনার রাতে তারা একসঙ্গে একটি রেস্তোরাঁয় খাবার খেয়েছেন। পরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় আলাদা হয়ে যান।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানা গেছে।

মাদকস্পট হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথাও স্বীকার করেন দীপ। পরে তাকে সঙ্গে নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন পিবিআই কর্মকর্তারা। বুধবার বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। শুক্রবার রাতে তাহসিফের বাবা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়।

‘আমি ফুললি স্ট্রং’, স্বজনকে বললেন দীপ
রিমান্ডের আদেশের পর আদালত থেকে বের করা হয় দীপকে। এ সময় এক স্বজনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি ফুললি স্ট্রং’। স্বজনকে টেনশন না করতেও বলেন তিনি। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতে হাজির করার সময় দীপের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। বিকাল ৩টা ২৫ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় নেওয়ার পর হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে ফেলা হয়।

আদালতে প্রবেশ ও বের হওয়ার সময় কয়েকবার তাকে হাসতে দেখা যায়। শুনানিকালেও তাকে স্বাভাবিক দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এখন চার দিনের রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ, হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা এবং এর পেছনে অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। 

কালের আলো/এমএসআইপি/এমকে 

Link copied!