Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

পিরোজপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৯:৪২ পিএম

ফলন বিপর্যয়ে পিরোজপুরে সুপারির বাজার চড়া, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা

পিরোজপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৯:৪২ পিএম

ফলন বিপর্যয়ে পিরোজপুরে সুপারির বাজার চড়া, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা

পিরোজপুরে সুপারির বাজারে চড়া দাম থাকলেও ফলন বিপর্যয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। চলতি মৌসুমে গত বছরের তুলনায় অনেক এলাকায় সুপারির উৎপাদন কমেছে প্রায় দুই-তৃতীয়াংশ। সরবরাহ কমে যাওয়ায় বাজারে প্রতি কুড়ি সুপারি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকায়। তবে উৎপাদন কম হওয়ায় বাড়তি দাম পেয়েও প্রত্যাশিত লাভের হিসাব মেলাতে পারছেন না কৃষকরা। অন্যদিকে বেশি দামে সুপারি কিনে লোকসানের আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরাও।

পিরোজপুরের জিয়াননগর, কাউখালী, সদর উপজেলার পাঁচপাড়া এবং নাজিরপুরের শ্রীরামকাঠী ও গোবর্ধন বাজার জেলার অন্যতম প্রধান সুপারির হাট। প্রতিদিন সকাল থেকেই এসব বাজারে ক্রেতা-বিক্রেতার দর-কষাকষিতে জমে ওঠে বেচাকেনা। এসব হাটে প্রতিদিন কোটি কোটি টাকার সুপারি কেনাবেচা হয়।

৭০টি হাট ঘিরে বড় বাণিজ্যিক বলয়

পিরোজপুরের ছোট-বড় প্রায় ৭০টি সুপারির হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল বাণিজ্যিক বলয়। এ ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান ও জীবিকা।

প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে পিরোজপুরের সুপারি আকারে বড়, রং আকর্ষণীয় এবং স্বাদেও তুলনামূলক ভালো। এ কারণে স্থানীয় বাজার ছাড়িয়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, খুলনা ও যশোরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এখানকার সুপারি।

দাম বেশি, তবু লাভ নিয়ে শঙ্কা

চলতি মৌসুমে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সুপারির সরবরাহও কমেছে। ফলে প্রতি কুড়ি সুপারি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকায়। বাজারে ভালো দাম থাকলেও ফলন কম হওয়ায় উৎপাদন খরচ পুষিয়ে কাঙ্ক্ষিত মুনাফা পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।

চাষিদের অভিযোগ, সুপারির বাগানে বিভিন্ন সংকট ও ফলন বিপর্যয়ের সময় কৃষি বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং মাঠপর্যায়ে কার্যকর সহযোগিতা যথাযথভাবে পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে সরবরাহ কম থাকায় ব্যবসায়ীদের বেশি দামে সুপারি কিনতে হচ্ছে। পরবর্তী সময়ে বাজারদর কমে গেলে বা দামের অস্থিরতা দেখা দিলে লোকসানে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় ও পাইকারি ব্যবসায়ীরা।

৮৪০ থেকে ৯৩০ কোটি টাকার উৎপাদন লক্ষ্যমাত্রা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে পিরোজপুরে ৪ হাজার ৬৬৯ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। এ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৬৭৬ মেট্রিক টন।

উৎপাদিত সুপারির সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে ৮৪০ থেকে ৯৩০ কোটি টাকা। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ভারতসহ বিভিন্ন দেশে পিরোজপুরের সুপারি পাঠানোর সম্ভাবনাও রয়েছে।

আধুনিক চাষাবাদ ও কারিগরি সহায়তার দাবি

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার জানিয়েছেন, সুপারি চাষে নিয়মিত পরিচর্যার বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়াসহ বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্ভাবনাময় অর্থকরী এ ফসলের উৎপাদন বাড়াতে আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রয়োগ, রোগবালাই নিয়ন্ত্রণ এবং কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি চাষিদের লাভ নিশ্চিত করা এবং সুপারির বাজারে স্থিতিশীলতা ফেরানো সম্ভব হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!