Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বরগুনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৪:২৫ এএম

তালতলীতে সেতু ভেঙে বিপাকে হাজারো মানুষ, বন্ধ শিক্ষার্থীদের যাতায়াত

বরগুনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৪:২৫ এএম

তালতলীতে সেতু ভেঙে বিপাকে হাজারো মানুষ, বন্ধ শিক্ষার্থীদের যাতায়াত

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া ও নয়াপাড়া এলাকার সংযোগকারী ১০০ মিটার দীর্ঘ লোহার সেতুটি ভেঙে খালে পড়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বিশেষ করে কয়েকশ শিক্ষার্থীর স্কুলে যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ ছিল সেতু

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে খালের ওপর ১০০ মিটার দীর্ঘ লোহার সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুর লোহার অ্যাঙ্গেলগুলো ক্ষয়ে যায়। একপর্যায়ে এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অবশেষে শনিবার ভোররাতে সেতুটি ভেঙে খালে পড়ে যায়।

স্কুলে যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

সেতুটি দিয়ে মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বি.এন.এ. মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত। সেতুটি ভেঙে পড়ায় শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শিক্ষার্থী মারিয়া আক্তার, আমেনা আক্তার, হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম জানায়, সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত তাঁদের সেতু পার হতে হতো। এখন সেতু ভেঙে যাওয়ায় স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। দ্রুত বিকল্প যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানিয়েছে তারা।

মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ জোমাদ্দার বলেন, রাতে হঠাৎ সেতুটি ভেঙে যায়। এটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এখানে দ্রুত নতুন একটি সেতু নির্মাণ করা জরুরি।

কাঠের পোল নির্মাণের উদ্যোগ

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, আপৎকালীন চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে প্রাক্কলন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্কলন চূড়ান্ত হলে দ্রুত একটি কাঠের পোল নির্মাণের ব্যবস্থা করা হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!