ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একাধিকবার তদন্ত ও যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। প্রয়োজনে উপকারভোগী বাছাইয়ে গণশুনানির ব্যবস্থাও রাখা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান এবং মো. মোস্তাফিজুর রহমান।
উপকারভোগী নির্বাচনে যাচাই ও গণশুনানি
বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি উপকারভোগীর তথ্য যাচাই এবং অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার সিদ্ধান্ত হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছানো নিশ্চিত করতে প্রয়োজনে একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা রয়েছে।
প্রকল্প বাস্তবায়ন ও মাঠপর্যায়ের কার্যক্রমে নজরদারি
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়। পিছিয়ে থাকা প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিটি। সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।
এ ছাড়া মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করার সুপারিশ করা হয়।
বৈঠকে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সেবা কার্যক্রম গতিশীল করতে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা চালুর সিদ্ধান্তও হয়। পাশাপাশি গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী বৈঠকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি







-20261126135523.jpg)










-20261124163219.jpg)

