Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বাগেরহাট সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৪২ এএম

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার শঙ্কায় শিক্ষক-অভিভাবক

বাগেরহাট সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৪২ এএম

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার শঙ্কায় শিক্ষক-অভিভাবক

বাগেরহাটের মোরেলগঞ্জে ২৯১ নম্বর মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তরা। সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে পানি পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভবনের বিভিন্ন স্থানে ফাটল, খসে পড়ছে পলেস্তরা

সরেজমিনে জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের মঠবাড়ী গ্রামে অবস্থিত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। ২০০১ সালে সরকারি বরাদ্দে নির্মিত চার কক্ষবিশিষ্ট ভবনেই চলছে বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ও পাঠদান। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী ৬৪ জন। প্রধান শিক্ষকসহ কর্মরত শিক্ষক রয়েছেন ছয়জন।

বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এর আশপাশে ৭ থেকে ৮ কিলোমিটারের মধ্যে কোনো সাইক্লোন শেল্টার নেই। ফলে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার সময় মঠবাড়ী, নলবুনিয়া ও আড়ংঘাটা গ্রামের ৬ থেকে ৭ হাজার মানুষ এ বিদ্যালয় ভবনে আশ্রয় নেন।

সম্প্রতি অতিরিক্ত লবণাক্ততার কারণে ভবনের বিভিন্ন স্থানের পলেস্তরা খসে পড়ছে। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। ভবনের বিমেও দেখা দিয়েছে বড় বড় ফাটল। এতে পাঠদানের সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয়ের বারান্দায় ছাদ থেকে পলেস্তরা খসে পড়লেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন শিক্ষকরা।

সংস্কারের পরও কাটেনি ঝুঁকি

২০১২ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ক্ষুদ্র মেরামতের বরাদ্দে একবার ভবনটি সংস্কার করা হয়েছিল। তবে দুই থেকে চার বছর ভালো থাকার পর আবারও ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এবং পলেস্তরা খসে পড়তে শুরু করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল আমিন ও মো. শহিদুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছাদ থেকে পলেস্তরা খসে শিক্ষার্থীদের মাথায় পড়ার আশঙ্কা থাকে। এ কারণে প্রতিদিনই তারা আতঙ্কে থাকেন। অভিভাবকেরাও সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

তারা বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণের পাশাপাশি একটি সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি জানান।

নতুন ভবনের তালিকায় বিদ্যালয়ের নাম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খানম বলেন, বিদ্যালয়টিতে একদিকে শ্রেণিকক্ষের সংকট, অন্যদিকে প্রাক-প্রাথমিকের ক্লাস আলাদাভাবে নেওয়ার সুযোগ নেই। এর মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তরা খসে পড়ায় শিক্ষার্থীদের নিয়ে সার্বক্ষণিক আতঙ্কে থাকতে হয়। নতুন ভবন নির্মাণের তালিকায় বিদ্যালয়টিকে অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা কর্মকর্তার দপ্তরে লিখিত আবেদন করেছেন তিনি।

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে প্রধান শিক্ষক বলেন, এতে শ্রেণিকক্ষের সংকট দূর হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত পরিবেশে পাঠদান সম্ভব হবে।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শারমিন খাতুন বলেন, ২৯১ নম্বর মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি তিনি অবগত আছেন। নতুন ভবন নির্মাণের জন্য বিদ্যালয়টির নাম তালিকায় পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়ে একজন কর্মকর্তা ওই তালিকা জমা দিয়েছেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!