সাভারে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তবে দুটি ঘটনায় কেউ হতাহত হননি।
রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কসংলগ্ন শ্যামলী পরিবহনের গ্যারেজের বাইরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পার্কিংয়ে থাকা বাসটিতে আগুন লাগার পর দ্রুত তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল ইমরান বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিপোর বাইরে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা
এর আগে শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীত পাশে থাকা পুলিশ চেকপোস্ট বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
ঘটনার সময় চেকপোস্ট বক্সের ভেতরে কোনো পুলিশ সদস্য ছিলেন না। তাঁরা বক্সের বিপরীত পাশে দায়িত্ব পালন করছিলেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি।
আশুলিয়ার নবীনগর স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহাগ পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল। এতে কেউ হতাহত হননি।
কালের আলো/এসকে/এমএসআইপি















-20261126135523.jpg)




