কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, যানবাহন ভাঙচুর এবং টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজারের দিকে যাওয়ার পথে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা।
মহাসড়কে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া
স্থানীয় সূত্র জানায়, মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে এগোলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। রাত পৌনে ১২টা পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
অবরোধের সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। চালকদের দাবি, কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি কিছু গাড়ির চাবিও নিয়ে যান অবরোধকারীরা।
বিএনপি-জামায়াতের বক্তব্য
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপনে মিছিল বের করে মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং তাঁদের ধাওয়া করেন। পরে বিক্ষোভকারীরা পালিয়ে যান।
উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি















-20261126135523.jpg)




