Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৯:১৯ পিএম

বিদ্যুৎ ঘাটতিতে প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৯:১৯ পিএম

বিদ্যুৎ ঘাটতিতে প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি

দেশে গত আগস্ট থেকে অক্টোবর—এই তিন মাসে লোডশেডিংয়ের কারণে অর্থনীতিতে ৫৪ হাজার ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময়ে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি ছিল ২ হাজার ৩৭৮ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা। গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত ‘এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ: ইমিডিয়েট টু লংগার-টার্ম পলিসি ইম্পেরেটিভস’ শীর্ষক গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে র‍্যাপিড ও দ্য এশিয়া ফাউন্ডেশন।

জিডিপির ০.৮৮ শতাংশের সমান ক্ষতি

গবেষণায় বলা হয়েছে, গত তিন মাসে বিদ্যুতের ঘাটতি ছিল চাহিদার ৩ থেকে ১০ শতাংশ। এর ফলে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, তা ২০২৫-২৬ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশের সমান।

গবেষণার হিসাব অনুযায়ী, প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ না হলে সামগ্রিক অর্থনীতিতে গড়ে ২২৭ টাকার ক্ষতি হয়। আর শিল্প খাতে প্রতি ইউনিট বিদ্যুতের ঘাটতিতে ক্ষতির পরিমাণ ৩১০ টাকা।

উৎপাদন ব্যাহত, প্রভাব পড়ছে পুরো অর্থনীতিতে

বিদ্যুতের অভাবে শুধু শিল্প-কারখানার উৎপাদনই ব্যাহত হচ্ছে না; এর প্রভাব পড়ছে সরবরাহব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডেও।

গবেষকদের হিসাব বলছে, তিন মাসে লোডশেডিংয়ের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে এলএনজি ব্যবহারের জ্বালানি ব্যয়ের প্রায় ১২ গুণ। তাই বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনার পাশাপাশি সরবরাহ ঘাটতির কারণে সৃষ্ট বৃহত্তর অর্থনৈতিক ক্ষতিকেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে গবেষণায়।

গ্যাস সরবরাহ বাড়লে কমতে পারে ঘাটতি

বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহের সঙ্গে লোডশেডিংয়ের সরাসরি সম্পর্ক রয়েছে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রগুলোতে দৈনিক অতিরিক্ত ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলে দিনে প্রায় ১১ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুতের ঘাটতি কমানো সম্ভব।

অন্যদিকে, তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিদ্যুতের চাহিদা বাড়ে ১৪ দশমিক ২ গিগাওয়াট ঘণ্টা।

সক্ষমতা থাকলেও উৎপাদন বাড়ছে না

গবেষণায় বলা হয়েছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত স্থাপিত সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কোনো সময়েই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন স্থাপিত সক্ষমতার ৫৮ শতাংশ ছাড়ায়নি।

অথচ প্রয়োজনীয় সংরক্ষিত সক্ষমতা বিবেচনায় দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় প্রায় ৮ হাজার ৩০০ মেগাওয়াট বেশি।

গ্যাস ও তেলনির্ভরতা বড় ঝুঁকি

দেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উৎসের ওপর অতিনির্ভরতার বিষয়টিও তুলে ধরা হয়েছে গবেষণায়। এতে বলা হয়, বাংলাদেশের বিদ্যুতের ৭৬ শতাংশ গ্যাস ও তেলনির্ভর। তুলনামূলকভাবে পাকিস্তানে এ হার ৩০ শতাংশ এবং ভারতে মাত্র ৩ শতাংশ।

গবেষকদের মতে, জ্বালানির উৎসের ক্ষেত্রে এ ধরনের অতিনির্ভরতা বিদ্যুৎ সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলছে। বিশেষ করে দেশে গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ খাতের সংকট আরও তীব্র হচ্ছে।

সংকট মোকাবিলায় যেসব সুপারিশ

বিদ্যুৎ সংকট মোকাবিলায় গবেষণায় কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন দক্ষতা বাড়ানো, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং কেন্দ্রগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়নের সুপারিশ করা হয়েছে গবেষণায়।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!